...|...|...

সারাদেশ

গাজী নজরুলকে নিয়ে আম্মারের কটাক্ষ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, রাত ৩:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৫
Shares
গাজী নজরুলকে নিয়ে আম্মারের কটাক্ষ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও এবং পরবর্তী সময়ে তার দেওয়া ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন, এমপি প্রথমে বলছে এআই, পরে নাকি আবার বলছে দ্বিতীয় বউ। এদিক দিয়ে আবার উনি ভালো। কট খাইয়া বউ বানাইয়া নিছে। অন্য দলগুলো তো নিজের বউরেই অস্বীকার করে। ভিডিওর বিষয়বস্তু নিয়ে কটাক্ষ করে তিনি আরও লেখেন, তবে জামায়াত এখন একচুয়াল বাংলাদেশি রাজনীতিতে পারফর্ম করতেছে। দুই-চারটা স্ক্যান্ডাল না থাকলে, অভিযোগ না থাকলে কিসের এমপি! এছাড়া খাবোনা কিন্তু মাখাইয়া রাখবো-এমন মন্তব্য করে তিনি বলেন, কী দরকার দুটি চুমু খাওয়ার জন্য এত বড় রিস্ক নেওয়ার?

উল্লেখ্য, সম্প্রতি জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। এই দাবির পক্ষে কাবিননামা প্রকাশ করা হয় এবং তার প্রথম স্ত্রী মাকছুদাও ভিডিও বার্তায় বিষয়টি সত্য বলে নিশ্চিত করেন।

অন্যদিকে, সংসদ সদস্যের দাবি অনুযায়ী পারিবারিক বিরোধের জেরে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর রহমান তাকে জিম্মি করে অর্থ আদায় এবং গোপনে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে ভিডিওটি ফাঁস হওয়ার পর জেলা জামায়াত এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও পরবর্তীতে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে ভিডিওটি আসল বলে প্রমাণিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।