বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল দলের চার সদস্য।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং সিসিইউতে প্রবেশ করে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন।
জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে দিচ্ছেন ড. রিচার্ড বিউল।
তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনাও শুরু করেছেন।
এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো অপরিবর্তনীয়। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
ওই সূত্র আরও জানায়, বিদেশি বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন। স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে তারা পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবেন।
প্রথম দিনে খালেদা জিয়ার বিভিন্ন জটিলতার ক্লিনিক্যাল নোট, সাম্প্রতিক টেস্ট রিপোর্ট ও সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছে চিকিৎসক দল। প্রাথমিক আলোচনায় তারা চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল যুক্ত হওয়ায় আশাবাদী বিএনপি নেতারা। তারা মনে করছেন, এটি চিকিৎসার গতি ও মান উন্নত করতে সহায়ক হবে। তাদের ভাষায়, এ ধরনের আন্তর্জাতিক মেডিকেল সহযোগিতা খালেদা জিয়ার চিকিৎসায় নতুন আশার সঞ্চার করছে।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। রবিবার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

