...|...|...

জাতীয়

খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২৬, বিকেল ৪:৪৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, দুপুর ১:০১
Shares
খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাঁ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া বিশ্বমঞ্চে দেশের ক্রমবর্ধমান অবদান, নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতার স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান এ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত করবেন। 

ফেসবুক পোস্টে তারেক রহমান আরও বলেন, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, সংলাপ সম্প্রসারণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরিতে ড. খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন তিনি।

এর আগে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস ৯১ ভোট পান।

এ নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বসতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।