...|...|...

রাজনীতি

কোরআনবিরোধী আইন প্রত্যাহার না করলে সরকারের করুণ পরিণতি হবে: জামায়াত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৭ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৫৬
Shares
কোরআনবিরোধী আইন প্রত্যাহার না করলে সরকারের করুণ পরিণতি হবে: জামায়াত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আইন বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিধান সরাসরি আল্লাহর নির্ধারণ করা। এ ধরনের আইন করার আগে দেশের বরেণ্য আলেম ও ইসলামি বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। বিএনপি নির্বাচনের আগে কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে এ আইন পাস করেছে। ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তিনি আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন কঠোরভাবে প্রয়োগের তাগিদ দেন তিনি।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনকেও গণবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি।