নারী এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় ১৯ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে রয়েছেন ২১ বছর বয়সী এই পেসার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মেয়েদের র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ রান দিয়ে ২ উইকেট এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেওয়ার পর র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে মারুফার। তার নামের পাশে এখন ৬২২ রেটিং পয়েন্ট।
র্যাংকিং ও রেটিং দুটিই মারুফার ক্যারিয়ারের সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের মে মাসে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৩ নম্বরে উঠেছিলেন তিনি। তখন তার রেটিং ছিল ৬০৬ পয়েন্ট।
বাংলাদেশের আরেক বোলার সুলতানা খাতুনও র্যাংকিংয়ে এগিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ ১৪ রানে ১ উইকেট নেওয়া অফ স্পিনার ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন।
তবে লেগ স্পিনার রাবেয়া খাতুন এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং বাঁহাতি স্পিনার নাহিদা খাতুন চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমেছেন।
ব্যাটারদের তালিকায় বাংলাদেশের কেউ এখনো সেরা বিশে নেই। এক ধাপ উন্নতি করে নিগার সুলতানা জ্যোতি উঠে এসেছেন ২১ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করা সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে জায়গা করে নিয়েছেন।
এ ছাড়া দিলারা আক্তারও র্যাংকিংয়ে উন্নতি করেছেন। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ৬২ নম্বরে অবস্থান করছেন।


