...|...|...

ধর্ম

কোরআন থেকে নেওয়া জীবন বদলানোর ৭ শক্তিশালী নির্দেশনা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, বিকেল ৩:৫৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৮:৩৭
Shares
কোরআন থেকে নেওয়া জীবন বদলানোর ৭ শক্তিশালী নির্দেশনা

ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানসিক চাপ আর প্রতিনিয়ত বদলে যাওয়া পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে গিয়ে আমরা অনেকেই দিশেহারা হয়ে পড়ি। জীবনের এই গোলকধাঁধায় সঠিক পথের দিশা দিতে পারে পবিত্র কোরআনে বর্ণিত মহান আল্লাহ তা’আলার নির্দেশনা বা বাণী। কোরআন থেকে নেওয়া এমনই ৭টি শক্তিশালী ‘নির্দেশনা’ এখানে তুলে ধরা হলো, যা বদলে দিতে পারে আপনার জীবন ও চিন্তাভাবনা।

১. কঠিন সময় চিরস্থায়ী নয়

পবিত্র কোরআনে মহান আল্লাহ তা’আলা বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।’ (সূরা আশ-শারহ, ৯৪:৬)

জীবনের প্রতিটি খারাপ বা কঠিন পরিস্থিতির একটি শেষ আছে। আজকের যে কষ্ট বা প্রতিবন্ধকতা আপনাকে থামিয়ে দিতে চাইছে, ধৈর্য ধরে টিকে থাকলে সেটিই আগামী দিনে আপনার শক্তি ও সফলতার মূল ভিত্তি হয়ে দাঁড়াবে।

২. পরিবর্তন শুরু হোক নিজের থেকে

মহান আল্লাহ তা’আলা বলেন, ‘আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’ (সূরা আর-রা’দ, ১৩:১১)

ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকার দিন শেষ। আপনি যদি আপনার জীবনকে ইতিবাচকভাবে বদলাতে চান, তবে সবার আগে নিজের মাইন্ডসেট, অলস অভ্যাস আর কর্মপদ্ধতি পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, যেকোনো বড় পরিবর্তনের শুরুটা হয় নিজের ভেতর থেকে।

৩. ধৈর্যের ফল সবসময় মিষ্টি

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।’ (সূরা হুদ, ১১:১১৫)

৪. অপচয় বর্জন ও ভারসাম্যপূর্ণ জীবন

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘খাও, পান কর, কিন্তু অপচয় করো না।’ (সূরা আল-আ’রাফ, ৭:৩১)

অপচয় শুধু টাকা-পয়সা বা খাবারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বর্তমান যুগে নিজের মূল্যবান সময়, শক্তি ও ভালো সুযোগের অপচয় মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি।

৫. না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকুন

মহান আল্লাহ তা’আলা বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।’ (সূরা আল-ইসরা, ১৭:৩৬)

সব বিষয়ে মতামত দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কোনো বিষয়ে কথা বলার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা উচিত। আগে শুনুন, বুঝুন, তারপর আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন।

৬. বিনয়ী হোন, অহংকার মুক্ত থাকুন

পবিত্র কোনআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।’ (সূরা আন-নিসা, ৪:৩৬)

অহংকার মানুষকে চারপাশের মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। পক্ষান্তরে, বিনয় মানুষকে সত্যিকারের সম্মানিত ও বড় করে তোলে। তাই সফলতার চূড়ায় পৌঁছেও পা দুটি মাটিতে রাখাই বুদ্ধিমানের কাজ।

৭.সব সময় আল্লাহর ওপর ভরসা রাখুন

মহান আল্লাহ তা’আলা বলেন, ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।’ (সূরা আত-তালাক, ৬৫:৩)

আমাদের সব পরিকল্পনা সবসময় সফল হবে না- এটাই জীবনের নিয়ম। কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের জন্য সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখলে মনের ভেতর এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। কারণ তার পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি উত্তম।

জীবনের এই সহজ কিন্তু গভীর শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয়, প্রতিদিনের কাজ-কর্মে প্রয়োগ করার মাধ্যমেই আমরা একটি গোছানো ও সফল জীবনের অধিকারী হতে পারি। মহান আল্লাহ তা’আলা এ বিষয়গুলোর ওপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।