...|...|...

সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে অপ্রতীমের প্রথম জানাজা

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৯
Shares
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে অপ্রতীমের প্রথম জানাজা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে অপ্রতীমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও শাহরিয়া আনাস নামে আরও দুজনকে আটক করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

অপ্রতীমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।