ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত কয়েদির নাম বোরহান উদ্দিন (৭৫)। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কয়েদি নম্বর ২৯১১/এ হিসেবে বন্দি ছিলেন।
কারারক্ষী সুজন আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে অসুস্থ অবস্থায় বোরহান উদ্দিনকে কারাগার থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বোরহান উদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কতোয়ালী থানার কাটিয়ারচর এলাকায়। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, বোরহান উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


