...|...|...

বিশ্ব

কানাডার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
কানাডার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে এ আদেশে সই করেন তিনি।

নির্বাহী আদেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নামের তালিকা ‘জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম’ (জিএনআইএস) এ হ্রদটির নাম পরিবর্তন করতে বলা হয়েছে। তবে এ সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারের ক্ষেত্রেই কার্যকর হবে। কানাডা বা অন্য কোনো দেশকে নতুন নাম গ্রহণে বাধ্য করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই।

ট্রাম্প বলেছেন, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিষয়ে তিনি বেশ কিছুদিন ধরেই কথা বলে আসছিলেন।

এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে। সাম্প্রতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে আগামী মাসে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।

ট্রাম্প বলছেন, বাণিজ্যের ক্ষেত্রে কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় আচরণ করে আসছে। তবে লেকটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরাসরি কানাডাকে লক্ষ্য করে নেওয়া হয়নি।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, ভবিষ্যতে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের নামও পরিবর্তন করতে পারি।

তবে ট্রাম্পের সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, লেকটির নাম ৪০০ বছরেরও বেশি পুরোনো এবং কানাডা এটি ‘লেক অন্টারিও’ নামেই ডাকবে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডও জানিয়েছেন, কানাডীয়দের কাছে এবং বিশ্বের বাকি অংশের কাছে এটি লেক অন্টারিওই থাকবে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও বলেছেন, তার অঙ্গরাজ্য হ্রদটিকে ‘লেক আমেরিকা’ নামে ডাকবে না।

লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি গ্রেট লেকের একটি। এর উত্তরে কানাডার অন্টারিও প্রদেশ এবং দক্ষিণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। হ্রদটির নামের ইতিহাস যুক্তরাষ্ট্র ও কানাডার বর্তমান রাষ্ট্রীয় পরিচয়েরও বহু আগের।

ট্রাম্পের এ ধরনের নাম পরিবর্তনের উদ্যোগ এবারই প্রথম নয়। ২০২৫ সালে ক্ষমতায় ফিরে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্বাহী আদেশ দিয়েছিলেন তিনি। তবে মেক্সিকোসহ বিভিন্ন দেশ ওই নাম পরিবর্তন স্বীকৃতি দেয়নি।

একইভাবে লেক অন্টারিওর নাম পরিবর্তনের সিদ্ধান্তও আন্তর্জাতিকভাবে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। অন্য দেশগুলো নিজেদের সরকারি ও প্রচলিত ব্যবহারে ‘লেক অন্টারিও’ নামটিই ব্যবহার করতে পারে।

এদিকে ট্রাম্পের নতুন সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাট নেতারাও। মিশিগানের কংগ্রেস সদস্য ডেবি ডিংগেল জানিয়েছেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করতে কংগ্রেসে বিল আনার উদ্যোগ নিব।