...|...|...

সারাদেশ

কর্মক্ষেত্রে জীবন রক্ষায় ওসি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে জীবন রক্ষায় ওসি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ১২:৪১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, রাত ৩:৩৬
Shares
কর্মক্ষেত্রে জীবন রক্ষায় ওসি ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস (২৭ এপ্রিল) উপলক্ষে রাজধানীর হোটেল এশিয়ায় দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে ওসি ফাউন্ডেশন। "কর্মস্থলে জীবন রক্ষা ও নিরাপত্তা" শীর্ষক এই আয়োজনে আন্তর্জাতিক OSH দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ওসি ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তা, দুর্ঘটনা মনিটরিং এবং আহত শ্রমিকদের অধিকার রক্ষায় সংস্থার দীর্ঘযাত্রার একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ওসি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, জিআইজি (নিরাপত্তা), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর; আইএলও বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাদ গিলানি; এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ সুলতান উদ্দীন মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন আইজেড প্রকল্পের প্রধান মো. ফিরোজ আলম, জিআইজেড-এর কারিগরি পরামর্শক মো. মোয়াজ্জেম হোসেন, ওসি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মাহমুদা সুলতানা স্নিগ্ধা, এমআইএস কর্মকর্তা মো. পিকানুল হাসান নায়েম এবং জাতীয় নেতা রাজেকুজ্জামান রতন।

আলোচনায় সৈয়দ সুলতান উদ্দীন মাহমুদ বলেন, "ওসি ফাউন্ডেশন কর্মক্ষেত্র নিরাপত্তা বিষয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও দুর্ঘটনা প্রতিরোধে যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।" তিনি ভবিষ্যতে ফাউন্ডেশনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

সভায় ওসি ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনটি মূল দাবি উত্থাপন করা হয়: ১. কর্মস্থলে নতুন প্রযুক্তি ব্যবহারের আগে শ্রমিকদের সঙ্গে পরামর্শ করা।
২. নিরাপদ, মানবিক, এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা।
৩. ডিজিটাল এবং প্ল্যাটফর্ম-ভিত্তিক শ্রমিকদের অধিকার রক্ষায় জাতীয় নীতিমালা ও আন্তর্জাতিক মান প্রতিষ্ঠা করা।

বক্তারা সম্মিলিতভাবে বাংলাদেশের কর্মক্ষেত্রকে আরও নিরাপদ ও ন্যায্য করার লক্ষ্যে সকলের যৌথ উদ্যোগের আহ্বান জানান।