মাদ্রাসা শিক্ষকদের মতো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরও এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
এ দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছে পেশাজীবী সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে এ আবেদন করা হয়। বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো. তোফায়েল সরকার আবেদনপত্রে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া আবেদনপত্রে শিক্ষক সংগঠনটি দাবি করেছে, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয় হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এমপিও নীতিমালায় বিদ্যমান কিছু অসংগতির কারণে সমমানের দায়িত্ব পালনকারী শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে।
আবেদনপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছর পর দ্বিতীয় উচ্চতর গ্রেড পেয়ে থাকেন।
অন্যদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছে বাবেশিকফো।
সংগঠনটি জানায়, একই যোগ্যতা ও সমমানের দায়িত্ব পালন করলেও দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে নীতিগত পার্থক্য রয়েছে। এটি সংবিধানের সমতা ও ন্যায়বিচারের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রে আরও বলা হয়, বিদ্যমান বৈষম্যের কারণে মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও পেশাগত অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংগঠনটি।
বাবেশিকফো বলেছে, মাধ্যমিক স্তরের শিক্ষকরা শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও মানসিক প্রেরণা অক্ষুণ্ন রাখা প্রয়োজন।
এ অবস্থায় মাদ্রাসা শিক্ষকদের মতো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরও এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম।




