মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতের নাম পারভেজ আলম খান (৩২)। তিনি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।
পারভেজ আলম খানের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তবে তিনি বর্তমানে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।
পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
পরে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারাত অভিযান পরিচালনা শেষে ৮ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেফতারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।
গত কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়।


