...|...|...

রাজনীতি

একটা মারলে দুইটারে মারবো, প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব: আমির হামজা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১০
Shares
একটা মারলে দুইটারে মারবো, প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব: আমির হামজা

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা।

‘সবর-মবর এখন বাদ। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। একটা মারলে দুইটারে মারবো।’—এমন বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডও শেয়ার করেন আমির হামজা। সেখানে তার হাস্যোজ্জ্বল ছবির সাথে লেখা ছিল, একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।

পরে অবশ্য নিজের পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেন তিনি। রাত সাড়ে ১০টার পর সরানোর আগে ফটোকার্ডটিতে ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন পড়ে। মন্তব্য করেন ১ হাজার ৯০০ জন। শেয়ার হয় ৪৮৩ বার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান আলী ও আমির হামজার অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।

এর পরদিন বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহতদের সাথে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, সবর-মবর এখন আর নেই, কোনও সবর নেই। সবর-মবর এখন বাদ। না, না, কোনও সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই।

এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, সেই কথা তো আমরাও বলি।’ জবাবে আমির হামজা বলেন, ‘মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা...।

এ বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে আমির হামজার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস বলেন, এমপি সাহেব মাহফিলে আছেন। এনামুল ভাই ঢাকায় আছেন। এমপি সাহেব রাতে ঢাকায় যাবেন, সাংগঠনিক সভা আছে।

ছড়িয়ে পড়া বক্তব্যটি তিনি শুনেছেন বলে জানান মোমিন বিশ্বাস। তবে আমির হামজার ফেসবুক পেজে ফটোকার্ড প্রকাশের বিষয়ে তার জানা নেই।