...|...|...

শিক্ষা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্ত শিক্ষা বোর্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্ত শিক্ষা বোর্ড

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

তিনি বলেন, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এরপর ফল প্রস্তুতির কাজ সম্পন্ন করে নভেম্বরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে। সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে নেওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষাগুলো গত ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য আগামী ২৪ আগস্ট বিশেষ পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।