ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘Citytouch’-এ বড় ধরনের পরিবর্তন এনেছে সিটি ব্যাংক। নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ঋণ, তাৎক্ষণিক হিসাব খোলার সুবিধা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং পুরস্কারভিত্তিক নানা ফিচার।
সিটি ব্যাংক জানিয়েছে, নতুন Citytouch-এ যুক্ত হয়েছে এআইভিত্তিক চ্যাটবট। এর মাধ্যমে গ্রাহকেরা ব্যাংকিং সেবা, বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহায়তা সহজেই নিতে পারবেন। চ্যাটবটটি বাংলা ও ইংরেজি-দুই ভাষাতেই ব্যবহার করা যাবে।
নতুন সংস্করণের উল্লেখযোগ্য সুবিধাগুলোর একটি হলো, অ্যাপ থেকেই দ্রুত নতুন ব্যাংক হিসাব খোলার সুযোগ। প্রয়োজনীয় যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করে গ্রাহকেরা সরাসরি অ্যাপের মাধ্যমে হিসাব চালু করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী গ্রাহকেরা অ্যাপ থেকেই ডিজিটাল ঋণের জন্য আবেদন করতে পারবেন।
একই প্ল্যাটফর্মে গ্রাহকেরা এখন তাদের হিসাব, কার্ড, ঋণ ও বিনিয়োগসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার সুবিধার মাধ্যমে আয়-ব্যয় এবং দৈনন্দিন আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করাও হবে আরও সহজ।
অর্থ লেনদেনের ক্ষেত্রেও নতুন সংস্করণে রয়েছে বাড়তি সুবিধা। Citytouch ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ পাঠানো যাবে NPSB, RTGS এবং BEFTN-এর মাধ্যমে। এ ছাড়া বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করার সুবিধাও থাকছে। কার্ড ব্যবস্থাপনাকে আরও সহজ করতে অ্যাপ থেকেই কার্ড সক্রিয় করা, পিন পরিবর্তন বা ব্যবস্থাপনা এবং লেনদেনের সীমা নির্ধারণের মতো সুবিধা যুক্ত করা হয়েছে।
নতুন Citytouch-এ চালু করা হয়েছে ‘MyRewards’ নামের পুরস্কারভিত্তিক সুবিধা। নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে গ্রাহকেরা রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে অ্যাপটির হোমপেজ ও সেবার বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। প্রয়োজনীয় সেবাগুলো যেন দ্রুত খুঁজে পাওয়া যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন ডিজাইন করা হয়েছে।
সিটি ব্যাংক বলছে, নতুন Citytouch-এর মাধ্যমে দৈনন্দিন ব্যাংকিংয়ের প্রয়োজনীয় সেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিশ্বজুড়ে ডিজিটাল ব্যাংকিংয়ে এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। সেই ধারাবাহিকতায় Citytouch-এ নতুন প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা যুক্ত করাকে সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Citytouch অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS-দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাচ্ছে।

