বিজ্ঞানে যার কোনো ভিত্তি নেই, ফেসবুকের বিজ্ঞাপনে সেটিই মিলছে শতভাগ নিশ্চয়তায়। বয়স ২০ কিংবা ২৫ পার হলেও নেই কোনো টেনশন। মাত্র এক মাসে ৩ থেকে ৫ ইঞ্চি উচ্চতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিক্রি হচ্ছে নানা ধরনের ক্যাপসুল, ট্যাবলেট ও সাপ্লিমেন্ট। পণ্যের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলে দেওয়া হচ্ছে টাকা ফেরতের আশ্বাস, বৈধতা নিয়ে জানতে চাইলে সামনে আনা হচ্ছে বিএসটিআইয়ের নাম। অথচ এসব প্রতিশ্রুতির পেছনে নেই নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ। উচ্চতা নিয়ে তরুণদের হীনম্মন্যতা আর অভিভাবকদের উদ্বেগকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে উঠেছে এমন রমরমা ব্যবসা।
এই ব্যবসার বিস্তার ও নেপথ্যের তথ্য অনুসন্ধানে টানা দুই সপ্তাহ কাজ করেছে টাইমস টুডে। ফেসবুকের বিভিন্ন পেজে ক্রেতা সেজে যোগাযোগ, বিক্রেতাদের দেওয়া তথ্য যাচাই, ভুক্তভোগীদের অভিজ্ঞতা সংগ্রহ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন অনুসন্ধানে সামনে এসেছে অন্তত ২০টি পেজের কার্যক্রম। এসব পেজের কোনো কোনোটির অনুসারী লাখের ঘরে। কোথাও হাফ কোর্সে ৩ ইঞ্চি, আবার কোথাও ফুল কোর্সে ৫ ইঞ্চি উচ্চতা বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। পণ্য বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।
অনুসন্ধানে শুধু অবাস্তব প্রতিশ্রুতিই নয়, উঠে এসেছে পণ্যের অনুমোদন নিয়ে বিভ্রান্তিকর দাবি। বিক্রেতাদের ঠিকানা ও পরিচয়ে অসংগতি, টাকা ফেরতের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এবং কথিত উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন। এমনকি পণ্য ব্যবহারের পর শারীরিক সমস্যায় পড়ার অভিজ্ঞতাও জানিয়েছেন একাধিক ক্রেতা।
অথচ চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, হাড়ের গ্রোথ প্লেট বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবে উচ্চতা বৃদ্ধির সুযোগ থাকে না। তাহলে কোন উপাদানে তৈরি এসব পণ্য? কারা বাজারজাত করছে? আর বিজ্ঞাপনের শতভাগ নিশ্চয়তার আড়ালে কীভাবে চলছে এই বাণিজ্য? অনুসন্ধানে এসব প্রশ্নের উত্তর খুঁজেছে টাইমস টুডে।
ফেসবুক পেজের বিশাল বাজার
টাইমস টুডের অনুসন্ধানে উচ্চতা বৃদ্ধির পণ্য বিক্রির প্রচারণায় যুক্ত অন্তত ২০টি ফেসবুক পেজের সন্ধান পাওয়া গেছে। এসব পেজের অনুসারী সংখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড়সড় একটি অনলাইন বাজার।
অনুসারীর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ‘Organic Height Develop’ পেজ, যার অনুসারী প্রায় ১ লাখ ৫৮ হাজার। এরপর রয়েছে ‘Bioteque Lab’ প্রায় ১ লাখ ৪ হাজার এবং ‘Height Growth Maximizer’ প্রায় ১ লাখ ৩ হাজার অনুসারী নিয়ে। এ ছাড়া ‘Radiant Homeo Care’-এর ৭৭ হাজার, ‘Height Care BD’-এর ৬২ হাজার, ‘Health and Beauty’-এর ৫২ হাজার এবং Jk Life Style BD এর ৪৩ হাজার অনুসারী রয়েছে।
মাঝারি ও ছোট পরিসরের পেজগুলোর মধ্যে রয়েছে ‘ETC Height Develop’ (২১ হাজার), ‘Pure Growth’ (১৫ হাজার), ‘Live Shop’ (১৪ হাজার), ‘Height Revolution’ (১৪ হাজার), ‘Height Plus’ (১৪ হাজার), ‘NuBest Tall Height Grow’ (১৪ হাজার), ‘Orvella Naturals’ (১৩ হাজার), ‘Growvita’ (১২ হাজার), ‘Growmax’ (১২ হাজার), ‘Natural Plant Based’ (১০ হাজার), ‘Height Care Nutrition’ (৮ হাজার), ‘Height Gainer Plus’ (৫ হাজার ), ‘Height Develop from BD’ (৫ হাজার) এবং ‘Height Solution’ (৩ হাজার ৪০০)।
এসব পেজে বিভিন্ন ধরনের ক্যাপসুল, ট্যাবলেট ও সাপ্লিমেন্ট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পণ্যভেদে দাম ৬০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। বিজ্ঞাপনগুলোতে কোথাও ৩০ দিনের কোর্সে ২ ইঞ্চি, কোথাও ৩ ইঞ্চি, আবার কোথাও ৫ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, এসব ব্যবসার প্রচারণায় প্রস্তুত ফেসবুক পেজ কেনাবেচার কৌশলও ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপুলসংখ্যক অনুসারী থাকা সচল ও রেডিমেড পেজ ১৬ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দামে কেনাবেচা হচ্ছে। উদ্দেশ্য, আগে থেকেই তৈরি অনুসারীভিত্তিকে কাজে লাগিয়ে দ্রুত বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া এবং ক্রেতাদের কাছে নিজেদের প্রতিষ্ঠিত ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা। এ ছাড়াও, ক্রেতাদের আকর্ষণ বাড়াতে টাকা দিয়ে পেজগুলো বুস্ট করা হয়, যেন সহজেই যেকেউ বিশ্বাস করতে পারে।
ক্রেতা সেজে অনুসন্ধান
এসব ব্যবসার প্রকৃত চিত্র বুঝতে এই প্রতিবেদক নিজেই ক্রেতা সেজে কয়েকটি ফেসবুক পেজের সঙ্গে যোগাযোগ করেন। পরে, তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের পর বিক্রেতাদের কাছ থেকে আসে অবিশ্বাস্য সব প্রতিশ্রুতি।
Bioteque Lab (016250463★★) নম্বরে যোগাযোগ করলে জানতে চাওয়া হয় আপনার বয়স ও উচ্চতা কত? উত্তরে ২৬ ও ও ৫.১ ইঞ্চি বলা হলে পেজের প্রতিনিধির দাবি, তাদের হাফ কোর্স সম্পন্ন করলে ২ ইঞ্চি এবং ফুল কোর্স সম্পন্ন করলে ৩ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়বে। দাম জানতে চাইলে ২৮৫০ টাকা বললেও অফারে ১৫০০ টাকায় দিচ্ছেন তারা। বয়স ২৬ পেরিয়ে যাওয়ার পর কীভাবে এমন পরিবর্তন সম্ভব এমন প্রশ্ন করা হলে বিক্রেতা পণ্যের কার্যকারিতার ওপর শতভাগ আস্থার কথা জানান।
শুধু তাই নয়, কোর্স শেষ করার পরও উচ্চতা না বাড়লে পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। অর্থাৎ, বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী, ক্রেতার কোনো আর্থিক ঝুঁকিই নেই।
আরেকটি পেজ Etc Height Develop (013315130★★) তাদের দাবি, ৮৯০ টাকার হাফ কোর্সে ৩০ দিনে ২-৩ ইঞ্চি ও ১৬০০ টাকার ৬০ দিনের ফুল কোর্সে দুইমাসে ৩-৫ ইঞ্চি বৃদ্ধি সম্ভব।
কিন্তু পণ্যের বৈজ্ঞানিক ভিত্তি, উপাদান, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সরকারি অনুমোদনের প্রমাণ চাওয়া হলে সামনে আসে আরেকটি কৌশল। বিক্রেতারা দাবি করেন, তাদের পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত।
মূলত সাধারণ ক্রেতার কাছে সরকারি প্রতিষ্ঠানের নাম ও অনুমোদনের দাবি পণ্যটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। কিন্তু বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ ও সনদ প্রদানের আওতা এবং ওষুধের নিবন্ধন ও অনুমোদন এক বিষয় নয়। কোনো পণ্যকে বিএসটিআই অনুমোদিত বললেই সেটি ওষুধ হিসেবে অনুমোদিত বা চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয় না। ওষুধের নিবন্ধন ও নিয়ন্ত্রণের দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদফতরের।
টাকা ফেরতের গ্যারান্টি, অভিযোগ করলেই ব্লক!
বিক্রির সময় শতভাগ নিশ্চয়তা, টাকা ফেরতের প্রতিশ্রুতি আর আকর্ষণীয় বিজ্ঞাপন থাকলেও পণ্য ব্যবহারের পর অভিযোগ জানানোর সুযোগ কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে, কিছু ক্ষেত্রে ক্রেতারা নির্ধারিত সময় ধরে পণ্য ব্যবহারের পরও কাঙ্ক্ষিত ফল না পেলে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাদের জানানো হয়, নিয়ম অনুযায়ী পণ্য ব্যবহার করা হয়নি কিংবা খাবারের তালিকা অনুসরণে ভুল হয়েছে। অভিযোগ অব্যাহত থাকলে কোনো কোনো ক্রেতাকে সংশ্লিষ্ট পেজ থেকে ব্লক করে দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে টাকা ফেরতের প্রতিশ্রুতি কার্যত অর্থহীন হয়ে পড়ে। বিক্রেতার পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য তথ্য না থাকায় প্রতারিত ক্রেতাদের পক্ষে প্রতিকার পাওয়াও কঠিন হয়ে যায়।
এমনই একজন ভুক্তভোগী রকি আহমেদ (২৪)। উচ্চতা বৃদ্ধির বিজ্ঞাপন দেখে ১ হাজার ২০০ টাকা দিয়ে ৩০ দিনের একটি কোর্স কিনেছিলেন তিনি।
রকি জানান, বিজ্ঞাপনে নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চতা বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে বিশ্বাস করেই পণ্যটি কেনেন। কিন্তু ব্যবহারের এক সপ্তাহের মধ্যেই তার গ্যাস্ট্রিকের সমস্যা ও শারীরিক অস্বস্তি শুরু হয়।
তিনি বলেন, বিষয়টি জানালে তারা বলেছিল, শুরুতে এমন সমস্যা হতে পারে, পরে ঠিক হয়ে যাবে। তাদের কথায় বিশ্বাস করে পুরো ৩০ দিনের কোর্স শেষ করি। কিন্তু উচ্চতা একটুও বাড়েনি। উল্টো শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। টাকা তো নষ্ট হয়েছেই, নিজের স্বাস্থ্য নিয়েও এখন দুশ্চিন্তায় আছি।
তার অভিযোগ, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে অন্য কেউ একইভাবে ক্ষতিগ্রস্ত না হন।
বিদেশি মোড়কের আড়ালে দেশেই তৈরি হচ্ছে ‘ম্যাজিক পিল’?
পণ্যগুলোর উৎপাদন ও সরবরাহের উৎস অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে আরও কিছু উদ্বেগজনক তথ্য। বিজ্ঞাপনে অনেক পণ্যকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা উন্নত দেশের প্রযুক্তিতে তৈরি বলে প্রচার করা হলেও এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য উৎপাদনসংক্রান্ত নথি বা প্রমাণ পাওয়া যায়নি।
টাইমস টুডের মাঠপর্যায়ের অনুসন্ধানে রাজধানীর চকবাজার, জিনজিরা ও কেরানীগঞ্জের কিছু এলাকায় এসব পণ্যের কথিত উৎপাদন ও সরবরাহব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়।
চকবাজারে সরেজমিন অনুসন্ধানে হাসান নামের এক ব্যক্তির সাথে কথা হয়। পরিচয় গোপন রাখার শর্তে তিনি দাবি করেন, এ এলাকায় উচ্চতা বৃদ্ধির নামে বিক্রি হওয়া কিছু পণ্য তৈরি করা হয়। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি নির্দিষ্ট কারখানার ঠিকানা প্রকাশ করেননি।
হাসানের ভাষ্য অনুযায়ী, এসব পণ্য তৈরিতে আটা-ময়দা ও চক পাউডারের মতো সস্তা উপাদান ব্যবহারের অভিযোগ রয়েছে। অথচ অনলাইনে বিক্রেতারা অনেক সময় দাবি করেন, পণ্যগুলো সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে।
অনুসন্ধানে পাওয়া এসব তথ্যের স্বাধীন পরীক্ষাগারভিত্তিক সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে পণ্যের প্রকৃত উপাদান, উৎপাদনস্থল ও প্রস্তুতকারকের পরিচয় নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার তদন্তের দাবি রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন পণ্যে অঘোষিত ওষুধ, স্টেরয়েড কিংবা হরমোনজাতীয় উপাদান মিশ্রিত থাকলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব উপাদান গ্রহণ করলে লিভার, কিডনি, হৃদযন্ত্র ও হরমোনের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিদেশি পণ্যের মোড়ক, বারকোড কিংবা ইংরেজিতে লেখা উপাদানের তালিকা থাকলেই কোনো পণ্যের উৎপাদনস্থান বা নিরাপত্তা নিশ্চিত হয় না।
কুরিয়ারের আড়ালে বিক্রি, ঠিকানায় নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব
এসব পণ্য বিক্রির ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা না নিয়েই পণ্য পাঠানো হচ্ছে। ফলে অনেকের কাছে কেনাকাটাটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত মনে হয়। কিন্তু পণ্য হাতে পাওয়ার পর সেটি কোথায় তৈরি, কে তৈরি করেছে কিংবা বিক্রেতার প্রকৃত পরিচয় কী? এসব তথ্য জানার সুযোগ নেই।
অনুসন্ধানে কয়েকটি পেজের ঠিকানা ও যোগাযোগের তথ্যের মধ্যেও অসংগতি পাওয়া গেছে।
‘Organic Height Develop’ পেজের এক প্রতিনিধির সাথে ফোনে কথা বলে প্রতিবেদক সরাসরি দোকান থেকে পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেন। তখন তাকে ধানমন্ডি ৩২ নম্বরে এসে ফোন দিতে বলা হয়। পরে প্রতিবেদক সেখানে গিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ওই ব্যক্তির সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ‘Height Develop from BD’ পেজের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করলে তারা প্রথমে চট্টগ্রামে অফিস থাকার কথা জানায়। পরে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে জানানো হয়, তাদের অফিস ময়মনসিংহে।
একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই জায়গার ভিন্ন ঠিকানা দেওয়ার বিষয়টি তাদের ব্যবসার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
আরেকটি পেজ ‘Height Revelation’-এর পক্ষ থেকে অফিসের ঠিকানা হিসেবে মতিঝিলের নাভানা টাওয়ারের লেভেল-৭, ব্লক-বি উল্লেখ করা হয়েছিল। প্রতিবেদক সরেজমিনে সেখানে গিয়ে ওই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাননি।
এসব ঘটনা থেকে বোঝা যায়, অন্তত কয়েকটি পেজের দেওয়া পরিচয় ও ঠিকানা যাচাই করা প্রয়োজন। তবে এসব অসংগতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও দায় নির্ধারণে আরও তদন্ত জরুরি।
ভুয়া রিভিউ, সাজানো ভিডিও-বিশ্বাস তৈরির ডিজিটাল কৌশল
পণ্য বিক্রির ক্ষেত্রে শুধু বিজ্ঞাপনই নয়, ক্রেতাদের আস্থা অর্জনে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণামূলক কৌশল। কয়েকটি পেজে উচ্চতা বৃদ্ধির আগে ও পরের ছবি, কথিত গ্রাহকের ভিডিও অভিজ্ঞতা এবং ইতিবাচক মন্তব্য প্রকাশ করতে দেখা যায়।
কিছু ক্ষেত্রে এসব রিভিউয়ের সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা স্ক্রিনশট, সাজানো প্রশংসাপত্র এবং অর্থের বিনিময়ে তৈরি প্রচারণামূলক ভিডিও ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
এসব কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের মনে এমন ধারণা তৈরি করা হয় যে, বহু মানুষ ইতোমধ্যে পণ্য ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। অথচ পণ্যের কার্যকারিতা প্রমাণের জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা বিজ্ঞাপনী ভিডিও যথেষ্ট নয়। প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা, নির্ভরযোগ্য ক্লিনিক্যাল তথ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন।
বিএসটিআইয়ের বক্তব্য
অনলাইনে বিক্রি হওয়া এসব পণ্যের বৈধতা যাচাই করতে প্রতিবেদক সরাসরি বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে যান। সেখানে প্রতিষ্ঠানটির উপপরিচালক (সিএম) মোহাম্মদ আলাউদ্দিন হোসাইনের সাথে কথা হয়।
তিনি স্পষ্টভাবে জানান, বিএসটিআই কোনো ওষুধের অনুমোদন প্রদান করে না। অনলাইনে উচ্চতা বৃদ্ধির নামে বিক্রি হওয়া পণ্যের বৈধতা ও মান সম্পর্কে সংশ্লিষ্ট নথি এবং পরীক্ষার ফলাফল যাচাই করা জরুরি। তিনি এসব পণ্য কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, অনুমোদন ও নিরাপত্তা যাচাই ছাড়া এ ধরনের পণ্য গ্রহণ করা বিপজ্জনক হতে পারে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, গ্রোথ প্লেট বন্ধ হলে ওষুধে উচ্চতা বাড়ে না
বয়স ২০ পেরিয়ে যাওয়ার পরও কয়েক ইঞ্চি উচ্চতা বৃদ্ধির দাবি চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এ বিষয়ে জানতে প্রতিবেদক যোগাযোগ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে।
তিনি টাইমস টুডেকে বলেন, এসব অনলাইন পেজের উচ্চতা বৃদ্ধির দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষের উচ্চতা বৃদ্ধির বিষয়টি মূলত হাড়ের গ্রোথ প্লেট বা বৃদ্ধির উপযোগী অংশের ওপর নির্ভরশীল। এগুলো বন্ধ হয়ে গেলে সাধারণত আর স্বাভাবিকভাবে হাড়ের দৈর্ঘ্য বাড়ে না।
তিনি বলেন, অনেক সময় কারও উচ্চতা স্বাভাবিকের তুলনায় কম হলে আমরা পরীক্ষা করে দেখি, তার শরীরে হরমোনজনিত কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না। যেমন গ্রোথ হরমোনের ঘাটতি বা থাইরয়েডের সমস্যা থাকলে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। কিন্তু একই ওষুধ সবাইকে দিয়ে উচ্চতা বাড়ানোর দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক।
তার মতে, এসব পণ্যের কারণে মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। অনুমোদনহীন পণ্যে ক্ষতিকর স্টেরয়েড বা রাসায়নিক উপাদান থাকলে তা লিভার ও কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অনলাইন বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

