রাজধানী ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল। এখানে ব্যাংক, বিমা, করপোরেট অফিস। আছে আকাশচুম্বী ভবন। প্রতিদিনই সড়কজুড়ে গণপরিবহনের চাপ। ইট-পাথরের এই নগরী মতিঝিল এলাকায় রয়েছে অমূল্য ১১ একর সরকারি সম্পত্তি। বুক ভরে শ্বাস নিতে ২০২৪ সালে মতিঝিল জলাধার পার্ক প্রকল্প হাতে নেয় সরকার। রাজউক ও গণপূর্তের সমন্বয়হীনতায় প্রকল্পে প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন নিয়ে উঠেছে প্রশ্ন। টাইমস টুডের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চিত্র।
তথ্য বলছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিজস্ব অর্থায়নে ১৬২ কোটি ৭০ লাখ টাকার বরাদ্দে শুরু হয় প্রকল্পের কাজ। আসছে বছরের ৩০ জুন প্রকল্পটির মেয়াদ শেষ হবে। সংশ্লিষ্টদের দাবি, এটি কেবল একটি সাধারণ পার্ক নয়। এখানে জলাধার সংস্কার ও পানির স্তর নির্ধারণ, ল্যান্ডস্কেপ উন্নয়ন, শিশুদের খেলার মাঠ ও বিনোদন সুবিধা, হাঁটার পথ, সেতু, সংযোগ সড়ক, প্রবেশদ্বার ও সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা এবং আধুনিক নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি আটতলা ব্যবস্থাপনা ভবন নির্মাণের কথা রয়েছে। প্রকল্পে সবুজের ভেতরে স্থাপনায় অর্থের ব্যবহারে মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মূল অবকাঠামো নির্মাণের আগেই পুরো ১১ একর জমি দখলমুক্ত করা বড় পরীক্ষা।
সরেজমিনে দেখা যায়, প্রকল্পে উদ্ধার হওয়া এলাকাজুড়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। ২০২৫ সালে রাজউক চেয়ারম্যান প্রকল্প এলাকা পরিদর্শন করে অবৈধ স্থাপনা অপসারণে নির্দেশ দেন এবং মধুমিতা সিনেমা হলের পেছনের প্রায় এক একর জমি দখলমুক্ত করেন। পুরো ১১ একর জমির সামান্য অংশ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হলেও প্রবেশমুখসহ বিশাল অংশজুড়ে এখনো রয়েছে অবৈধ স্থাপনা, পরিবহন কোম্পানির বাস-ট্রাক স্ট্যান্ড, গ্যারেজ এবং আশপাশের এলাকার বর্জ্য নিষ্কাশনের জঞ্জাল। অধিকাংশ জায়গা দখলের কবল থেকে পুরোপুরি মুক্ত না হওয়ায় জলাধার সংস্কার, পার্ক নির্মাণ, সেতু কিংবা হাঁটার পথের কাজ শুরুই করা যায়নি।
বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পে জমি বুঝে না পেয়ে বা সমন্বয়হীনতায় কাজ ঝুলিয়ে রাখার পরিণতি মেয়াদ ও ব্যয় বৃদ্ধি। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া অসম্ভব। সময় বাড়ানো হলে নির্মাণসামগ্রী, শ্রম ও আনুষঙ্গিক খাতে ব্যয় বৃদ্ধির অজুহাতে প্রকল্পের ব্যয় আরও বাড়বে। ফলে ২ হাজার ২০০ কোটি টাকার মূল্যবান জমি অব্যবহৃত থাকার পাশাপাশি প্রকল্পের বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন বড় হয়ে উঠবে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মাঠপর্যায়ের বাস্তবতা ও নথিপত্র বিশ্লেষণে কাজ আটকে থাকার পেছনে রয়েছে পুরোপুরি সরানো যায়নি এমন দখল ও অবৈধ স্থাপনা। সরকারি স্থাপনা ও পুলিশ ব্যারাক সরানোর বিষয়টি নিষ্পত্তি হয়নি। দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে পরিবেশগত ও ভৌত সমস্যা অপসারণ জরুরি বলেও মনে করছেন অনেকে। এছাড়া জমি দখল ও মালিকানা সংক্রান্ত আইনি প্রক্রিয়া কাজের গতি কমিয়ে দিচ্ছে। রাজউক ও গণপূর্ত অধিদফতরের মালিকানাধীন অংশের নিয়ন্ত্রণ ও স্থানান্তর প্রক্রিয়ায় সমন্বয় জরুরি। পাশাপাশি মতিঝিলের তীব্র যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সীমিত সময়ে কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের এক শীর্ষ কর্মকর্তা টাইমস টুডেকে বলেন, কাগজে-কলমে প্রকল্পের মেয়াদ প্রায় শেষের দিকে চলে এলেও জমি বুঝে না পাওয়ায় ঠিকাদার নিয়োগ ও মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, প্রকল্প এলাকার ভেতরে থাকা পুলিশ ব্যারাক ও গণপূর্তের স্থাপনাগুলো না সরানো পর্যন্ত জলাধার খনন বা পার্কের অবকাঠামো নির্মাণে হাত দেওয়া যাচ্ছে না। এছাড়া কয়েকটি অংশে মালিকানা নিয়ে মামলা থাকায় উচ্ছেদ অভিযানেও আইনি বাধার মুখে পড়তে হচ্ছে।
এই কর্মকর্তা স্বীকার করেন, রাজউক ও গণপূর্ত অধিদফতরের মধ্যে জমি হস্তান্তর ও স্থাপনা স্থানান্তরের চিঠি চালাচালিতেই দীর্ঘ সময় নষ্ট হয়েছে। ফলে আগামী বছরের জুনের মধ্যে কোনোভাবেই এই কাজ শেষ করা সম্ভব নয়। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব করতে হবে।
নগর পরিকল্পনাবিদদের মতে, ঘনবসতিপূর্ণ মতিঝিলে খোলা জায়গা ও জলাধার সংরক্ষণ নাগরিক স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশের ভারসাম্যের জন্য অত্যন্ত জরুরি। তারা মনে করেন, বাণিজ্যিক এই এলাকায় ১১ একর জমির ওপর জলাধার ও সবুজ পার্ক গড়ে উঠলে তা কেবল বিনোদন বা সৌন্দর্যবর্ধনে সীমাবদ্ধ থাকবে না। শহরের তাপমাত্রা কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৬২ কোটি ৭০ লাখ টাকার এই প্রকল্পের গতি ফিরিয়ে আনতে হলে দ্রুত পুরো জমি দখলমুক্ত করার পাশাপাশি ব্যয়ের স্বচ্ছ বাজেট ও অগ্রগতির তথ্য নিয়মিত জনসম্মুখে প্রকাশ করতে হবে। একই সাথে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে স্থানীয়দের মতামত গ্রহণ এবং শিশু ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশসম্মত নকশা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন তারা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আদিল মুহাম্মদ খান টাইমস টুডেকে বলেন, মতিঝিলের মতো অতি ঘনবসতিপূর্ণ ও উত্তপ্ত বাণিজ্যিক এলাকায় ১১ একর খোলা জায়গা ও জলাধার কেবল নাগরিক বিনোদনের মাধ্যম নয়, এটি পুরো এলাকার তাপমাত্রা কমানো, বায়ুদূষণ রোধ এবং জলাবদ্ধতা নিরসনে ফুসফুস হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ প্রায় আড়াই বছর পেরিয়ে যাওয়ার পরও জমি উদ্ধার করতে না পারা এবং বর্জ্যের ভাগাড় সরিয়ে কাজ শুরু করতে না পারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও সমন্বয়হীনতারই বহিঃপ্রকাশ।
এদিকে ঢাকার অন্যান্য পার্কেও অতীতে দেখা গেছে, উন্নয়নের নামে ভেতরে ভবন বানিয়ে পরে তা বাণিজ্যিক কাজে বা রেস্তোরাঁ হিসেবে ব্যবহার করা হয়। অবিলম্বে নকশা সংশোধন করে পার্কের ভেতর থেকে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিতে হবে এবং রাজউক ও গণপূর্তের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় ঘটিয়ে স্বচ্ছতার সাথে দ্রুত জমি উদ্ধার করে মূল কাজ শুরু করতে হবে বলেও জানান ড. আদিল মুহাম্মদ খান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের জমি পুরোপুরি দখলমুক্ত করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবৈধ স্থাপনা অপসারণ ও স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজউকের দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, মধুমিতা সিনেমা হলের পেছনের প্রায় এক একর জমি উদ্ধার করা হয়েছে এবং বাকি অংশের আইনি জটিলতা নিরসন ও ভেতরে থাকা পুলিশ ব্যারাক ও সরকারি স্থাপনা স্থানান্তরের বিষয়ে গণপূর্ত অধিদফতর ও পুলিশ প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে গণপূর্ত অধিদফতর সংশ্লিষ্টদের দাবি, প্রকল্প এলাকার কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে; তবে ভেতরের স্থাপনা স্থানান্তর ও সংশ্লিষ্ট কাজে কার্যকর সমন্বয় প্রয়োজন। দুই সংস্থার মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয় না হলে জমি হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করা কঠিন।
‘সাইনবোর্ড আর টিনের বেড়ায় বন্দী আমাদের স্বপ্ন’- জানিয়ে মতিঝিলের স্থানীয় বাসিন্দা মঈনুল ইসলাম পার্ক ও জলাধার নির্মাণে এই উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন। প্রকল্পের বর্তমান স্থবিরতা নিয়ে আবার ক্ষোভও প্রকাশ করেছেন। একই সাথে কাজ শুরু হলে তীব্র যানজট, ধুলাবালি ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরে তিনি টাইমস টুডেকে বলেন, এই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় শিশুদের খেলাধুলা, বয়স্কদের একটু হাঁটার কোনো জায়গা নেই। সরকার পার্ক বানাবে শুনে খুব খুশি হয়েছিলাম। আড়াই বছর ধরে শুধু টিনের বেড়া আর ময়লার স্তূপই দেখছি। কবে এই কাজ শেষ হবে, আদৌ পার্ক হবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান।
অন্যদিকে মতিঝিলের ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, মতিঝিলে সারাদিন যানজট লেগে থাকে। পার্কের কাজ শুরু হলে ভারী গাড়ি ঢুকবে, ধুলাবালি বাড়বে। তাই রাস্তাঘাট বন্ধ না করে ব্যবসায়ীদের ক্ষতি কমিয়ে পরিকল্পিতভাবে কাজটি দ্রুত শেষ করা উচিত।
এ বিষয়ে রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব) (পূর্ত সার্কেল-১) ও প্রকল্প পরিচালক মো. আবু সাঈদ খন্দকারের সাথে যোগাযোগ করে টাইমস টুডে। তিনি কোনো কথা বলতে রাজি হননি; একাধিকবার ফোন দেওয়ার পরও তিনি সাড়া দেননি।

