রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শিল্পপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। রাসেল পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।
এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রাসেল। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর পক্ষ থেকে কারাগারে ডিভিশনের আবেদনও করা হয়েছিল।
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তাঁর আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন করেছিলেন।
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এ মামলায় শওকত আজিজ রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দেন।


