...|...|...

বিশেষ প্রতিবেদন

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

মেহেদী হাসান
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৬
Shares
গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

ছবি: টাইমস টুডে

জুলাই জাদুঘরের ব্যবস্থাপনা ঘিরে উঠেছে দুর্নীতির অভিযোগ। জাদুঘরের প্রবেশপথে বাশের রেলিং নির্মানেই খরচ হয়েছে ৪৪ লাখ টাকার বেশি। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজের দেওয়া একটি বিল ঘেটে পাওয়া গেছে এমন তথ্য।

সরেজমিনে যাচাই করে দেখা গেছে, জাদুঘরের প্রবেশ পথে বাশ দিয়ে তৈরি রেলিংকে সাদা রঙের কাপড় দিয়ে পেচিয়ে রাখা হয়েছে। আর বাশ আর সাদা কাপড় দিয়ে তৈরি এই রেলিং এর জন্য খরচ দেখানো হয়েছে ৪৪ লাখ ৬ হাজার টাকা।

এদিকে এরই মধ্যে বিলের যথার্থতা ও কাজ সম্পাদনের প্রক্রিয়া ও খরচ যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং দাখিল করা বিল পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাদুঘর-সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। শুরুর দিকে জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে জনবল দিয়ে জাদুঘরের কার্যক্রম পরিচালনা করা হতো।

এ সময় জাদুঘরের সম্মুখভাগে জরুরি ভিত্তিতে অস্থায়ী টিকিট কাউন্টারের লাইন ও শেড নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দেয়।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাদুঘর পরিষদের সভার সিদ্ধান্তের (অনুচ্ছেদ ৫.২) আলোকে প্রতিষ্ঠানটির দাখিল করা বিলের যথার্থতা নিরূপণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একাধিক বিল দাখিল করেছে। তবে কার্যাদেশ পাওয়ার পর কাজ সম্পাদনের নিয়ম থাকলেও এ ক্ষেত্রে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশপত্র সংরক্ষিত নথিতে পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদের কাছে জানতে চাইলে টাইমসটুডেকে তিনি বলেন, ‘আমি যে এখানে ১৬ই সেপ্টেম্বর তারিখে এই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যোগ দিয়েছি। এই যোগ দেওয়ার পরে হানিফ এন্টারপ্রাইজ নামে একটি ডেকোরেটর প্রতিষ্ঠান তারা এসে একটা বিল এখানে সাবমিট করেছেন। তো সেই কাজের যে বিলটা তারা দিয়েছেন, সেই বিলটা দেখে মনে হয়েছে যে এটা একটি অসংগতিপূর্ণ বিল হতে পারে। কারণ বাঁশের ব্যারিকেড বা বাঁশের গেট নির্মাণের ভাড়া বাবদ যে বিলটা এখানে উপস্থাপন করা হয়েছে, দেখে আমার অসংগতি মনে হয়েছে।

এহসান মাহমুদ।
মহাপরিচালক, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

তো আমি তারপরে এই জাদুঘরের যিনি পরিচালনা পর্ষদ রয়েছেন— আপনি জানেন যে জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছেন গিয়ে পদাধিকার বলে মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তো আমরা তার সামনে এবং আমাদের পর্ষদের সামনে এই বিলটি আমরা উপস্থাপন করি এবং তখন পর্ষদের একটি সিদ্ধান্ত হয়েছে যে এই বিলটি খতিয়ে দেখা— যে এটার আসলে বাস্তবতা বা বাস্তব ভিত্তি কী। এটা করার জন্য আমাকে আমাদের যে জাতীয় পর্ষদ আরকি, জাদুঘরের যে পর্ষদ আমাকে নির্দেশ করেছেন।

আমি পর্ষদের নির্দেশক্রমে মহাপরিচালক হিসেবে আমি একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটিতে আমাদের জাদুঘরের পরিচালক রয়েছেন এবং আমরা এখানে সদস্য দেওয়ার জন্য অনুরোধ করেছি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব পদমর্যাদার একজনকে এবং বাংলা একাডেমির একজন এক্সটারনাল প্রতিনিধি হিসেবে এবং আমাদের যেই অ্যাকাউন্ট অফিসার আছেন— তারা মিলে এটা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইতিমধ্যে বাংলা একাডেমির (প্রতিনিধি) যে আমরা ইতিমধ্যে পেয়েছি আরকি। তো এখন এই সভা করে বাকিটা তারা করে হাজির করে আমাকে তারা পেশ করবেন। আমি তখন আমার এই তদন্তের ফলাফল যা পাওয়া যায় সেটা আবার আমি পরিষদের সামনে আবার আমি হাজির করতে পারব। এই হচ্ছে আমার অবস্থা।’

এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি ।