এবার আসন্ন ঈদে সিনেমা মুক্তির তালিকায় যুক্ত হলো নতুন এক সমীকরণ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে কোরবানির ঈদের সিনেমার দৌড়ে নাম লেখালো আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। বড় পর্দায় শামিল হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির দুটি ভিন্নধর্মী পোস্টার।
শুরুতে গুঞ্জন ছিল রোজার ঈদেই প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। তবে শুটিং ও পোস্ট প্রডাকশনের কাজ শতভাগ শেষ না হওয়ায় নির্মাতা সাইফ চন্দন তাড়াহুড়ো করতে চাননি।
অবশেষে বুধবার (২০ মে) রাতে সিনেমার পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশের মাধ্যমে নিশ্চিত করে, কোরবানি ঈদকে লক্ষ্য করেই চূড়ান্তভাবে এগোচ্ছে ‘মালিক’।
ঘোষণার পরদিনই উন্মোচন করা হয় সিনেমার কেন্দ্রীয় চরিত্র আরিফিন শুভর একক লুক। সেখানে একদম রুক্ষ, গম্ভীর ও রহস্যময় এক আবহে ধরা দিয়েছেন এ নায়ক। পোস্টারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে শুভ ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক, মালিক।’ যা মুহূর্তেই নেট দুনিয়ায় সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
এরপর গতকাল প্রকাশ পায় সিনেমাটির দ্বিতীয় পোস্টার। যেখানে শুভর রুক্ষ লুকের বিপরীতে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রোমান্টিক আবহ। পোস্টারটিতে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটি। মিম নিজেও পোস্টারটি শেয়ার করে লাভ ইমোজি দিয়ে ভক্তদের ঈদের আগাম শুভেচ্ছা জানান। অ্যাকশন ও রোমান্সের এ দ্বৈত কম্বিনেশন দর্শকদের মাঝে সিনেমাটির আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পরিচালক সূত্রে জানা গেছে, ‘মালিক’ মূলত একটি হাইভোল্টেজ অ্যাকশন ঘরানার সিনেমা। এখানে দেখা যাবে এক জেদি যুবকের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নামার পর নিয়তির টানে ধীরে ধীরে অপরাধজগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে। সিনেমায় নাম ভূমিকায় পর্দায় হাজির হবেন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে লেডি অ্যাকশন অবতারে। এ বিশেষ চরিত্রটির নিখুঁত উপস্থাপনার জন্য মিমকে নিতে হয়েছে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।
সিনেমাটি নিয়ে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘এটি কেবল মারদাঙ্গা কোনো অ্যাকশন ছবি নয়; এর ভেতরে লুকিয়ে আছে গভীর আবেগ, পারিবারিক সম্পর্ক আর দারুণ এক গল্প। শিল্পীরা তাদের শতভাগ দিয়ে কাজ করেছেন। ছবির গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরো বড় চমক পাবেন। আমরা বিশ্বাস করি, ঈদে দর্শক উপভোগ করার মতো একটি পরিপূর্ণ সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’
সিনেমার আরেকটি বড় আকর্ষণ হচ্ছে, এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় জুটি বাঁধলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাপলুডু’ সিনেমায় তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।
বর্তমানে কলকাতার একটি স্টুডিওতে চলছে ‘মালিক’-এর শেষ মুহূর্তের পোস্ট প্রডাকশনের কাজ। নির্মাতা জানান, টেকনিক্যাল কাজ প্রায় শেষ। এখন শুধু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। সেন্সর সার্টিফিকেট হাতে পেলেই বিশাল পরিসরে দেশজুড়ে এর প্রচারণা ও হল বুকিং শুরু হবে।

