পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে বিশ্বের মুসলিমদের মধ্যে আগ্রহ থাকে। চাঁদ দেখার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করলেও জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে আগেই সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে ওই দিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এমনটি হলে ৭ ফেব্রুয়ারি রোববার হবে শাবান মাসের শেষ দিন এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে রমজান।
প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সেক্ষেত্রে ৮ মার্চ সোমবার রমজানের শেষ দিন এবং ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। এগুলো জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব মাত্র। ইসলামি শরিয়াহ অনুযায়ী, রমজানের শুরু এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয় সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের তুলনায় রমজান ও ঈদুল ফিতর অনেক সময় এক দিন পরে পালিত হয়ে থাকে। তাই বাংলাদেশে ২০২৭ সালের রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

