...|...|...

ধর্ম

ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে যা বললেন কাবার ইমাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫:৪৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০০
Shares
ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে যা বললেন কাবার ইমাম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উদযাপন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মক্কার মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান, শীর্ষ ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্যে শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ বা মিলাদ উদযাপনের কোনো স্পষ্ট ভিত্তি বা নির্দেশনা নেই। মহানবী (সা.), তার সাহাবি ও খুলাফায়ে রাশেদিন কেউ এই রীতি পালন করেননি। ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একে নতুন উদ্ভাবন বা বিদআত হিসেবে চিহ্নিত করেন তিনি।

সৌদি আরবের এই জ্যেষ্ঠ আলেম জানান, মহানবী (সা.)-এর প্রতি সত্যিকারের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একমাত্র পথ হলো তার রেখে যাওয়া সুন্নাহ হুবহু অনুসরণ করা, দ্বীনের মধ্যে নতুন কোনো রীতি বা প্রথা সংযোজন করা নয়।

তিনি পবিত্র কোরআন ও একাধিক হাদিসের উদ্ধৃতি দিয়ে যেকোনো ধর্মীয় মতভেদের ক্ষেত্রে আল্লাহ ও তার রাসুলের নির্দেশনার দিকে ফিরে আসার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত প্রতিটি বিষয়ই ভ্রষ্টতা। বক্তব্যে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), ওমর ইবনুল খাত্তাব (রা.) এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়্যার মতামতও স্মরণ করিয়ে দেন তিনি।

শায়খ সুদাইস আরও উল্লেখ করেন, বর্তমানে রবিউল আউয়াল মাসে আয়োজিত অনেক অনুষ্ঠানে নাচ-গান, অপচয় এবং পর্দা লঙ্ঘনের মতো অনৈসলামিক চর্চা যুক্ত হয়েছে—যা রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশিত পথ ও আদবের সম্পূর্ণ পরিপন্থী।

কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহকে ভালোবাসার আসল প্রমাণ হলো তার রাসুলের অনুসরণ করা। তাই মনগড়া প্রথা পরিহার করে রাসুল (সা.)-এর সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে সব মুসলিমের প্রতি আহ্বান জানান তিনি।