মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে রিজভী বলেন, এই পবিত্র দিনে বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটেছে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা রেখে মহানবীর প্রদর্শিত পথে চলার জন্য দিনটি এক অনন্য দিন। এ উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন এবং শুভেচ্ছা জানান।
মহানবী (সা.)-কে অবারিত আলোর প্রতীক উল্লেখ করে তিনি বলেন, মহানবীর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা ও উদারতা মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা। কৈশোর থেকেই তিনি ছিলেন মিথ্যার বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা এবং আমানত রক্ষায় অনন্য দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সাঃ) উপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।


