...|...|...

খেলা

ইয়ামালকে মাথা দিয়ে আঘাত, ৪ ম্যাচ নিষিদ্ধ মিডফিল্ডার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৯
Shares
ইয়ামালকে মাথা দিয়ে আঘাত, ৪ ম্যাচ নিষিদ্ধ মিডফিল্ডার

ছবি: সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের সাথে মাঠে হাতাহাতি ও মাথা দিয়ে আঘাত করার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ঘটনাটিকে শৃঙ্খলাবিধি অনুযায়ী ‘আক্রমণাত্মক আচরণ’ হিসেবে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, বেতিস ও বার্সেলোনার ম্যাচে লাল কার্ড দেখার পর বার্নালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ম্যাচের ৫৪তম মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে সেখানে হস্তক্ষেপ করেন ইয়ামাল। পরে ইয়ামালের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন বার্নাল। একপর্যায়ে প্রতিপক্ষের মুখে মাথা দিয়ে আঘাত করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়ার ম্যাচ রিপোর্ট এবং শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারা পর্যালোচনা করে বার্নালকে শাস্তি দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, বল খেলার বাইরে থাকা অবস্থায় বার্নাল প্রতিপক্ষের ঘাড়ে হাত দেন এবং পরপর দুবার মাথা দিয়ে তার মুখে আঘাত করেন।

রেফারির প্রতিবেদনে লেখা ছিল, ‘ম্যাচের ৫৪তম মিনিটে ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাকুন্দো বার্নাল ক্রুসকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। বল খেলার বাইরে থাকা অবস্থায় প্রতিপক্ষের ঘাড়ে হাত দেন তিনি এবং খুব দ্রুত পরপর দু’বার তার মুখে মাথা দিয়ে গুঁতো মারেন।’

স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারায় কাউকে শারীরিকভাবে আঘাত করে ক্ষত সৃষ্টি না করেও আক্রমণাত্মক আচরণের জন্য চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে। বার্নালের ঘটনায় ন্যূনতম শাস্তি হিসেবে চার ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। খেলা বন্ধ থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় বিষয়টিকে সাধারণ বাকবিতণ্ডা হিসেবে দেখেনি কমিটি।

ঘটনার সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধের শুরুতে। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেস মাটিতে পড়ে গেলে তাকে টেনে তোলার চেষ্টা করেন বেতিসের গোলরক্ষক আলভারো ভায়েস। সতীর্থের পাশে এগিয়ে আসেন ইয়ামাল। এ সময় বার্নালের সাথে তার কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বার্নাল ইয়ামালকে শক্ত করে চেপে ধরেন। পরে দুজন মুখোমুখি হলে বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডকে মাথা দিয়ে গুঁতো মারেন বেতিস মিডফিল্ডার। পরিস্থিতি বুঝে রেফারি সাথে সাথেই বার্নালকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় বেতিসকে।

ডিসিপ্লিনারি কমিটি পুরো ঘটনাটি পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে, এটি কেবল খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বা কথা-কাটাকাটির ঘটনা নয়। বরং বল খেলার বাইরে থাকা অবস্থায় প্রতিপক্ষকে পরপর দুবার মাথা দিয়ে আঘাত করার বিষয়টি শাস্তির মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে। ফলে চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে বার্নালকে।