...|...|...

রাজশাহী

ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫৫
Shares
ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. রবিউল ইসলাম।

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. রবিউল ইসলামকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের অনুমোদনক্রমে বহিষ্কারাদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেন জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক মো. ফারহান সাদিক।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নন্দীগ্রামের নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করে র‍্যাব-১২। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত অবস্থায় সদস্যরা গোপন সংবাদ পান, এক ব্যক্তি সিএনজি অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে ওই সড়কে চেকপোস্ট বসানো হয়। রাত প্রায় ৯টার দিকে নম্বরবিহীন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা একমাত্র যাত্রী রবিউলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক রবিউলের দলীয় পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না, তাই তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরে বগুড়া জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

গ্রেফতারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলের বিরুদ্ধে মামলা হয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বুধবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের অভিযান ও মাদক উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান থাকার পাশাপাশি সাংগঠনিকভাবেও কঠোর অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল। বহিষ্কার আদেশের মধ্য দিয়ে সংগঠনটি জানিয়েছে, দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কারও দায় সংগঠন বহন করবে না।