...|...|...

বিশ্ব

ইরান নয়, বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৩
Shares
ইরান নয়, বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির জন্য ইরান নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না করার বিষয়ে সম্মত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত না করার বিষয়ে সম্মত হয়েছে। রাশিয়াও একই কাজ করতে রাজি হয়েছে।”

বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে ডিজেলের দাম বৃদ্ধির মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান নয়।”

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। বিভিন্ন সংঘাতের কারণে একাধিক তেল শোধনাগার বন্ধ হয়ে যাওয়া এবং পরিশোধন সক্ষমতা কমে যাওয়াকে জ্বালানির মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এএএ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম সম্প্রতি প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে। সোমবার দেশটিতে ডিজেলের গড় দাম ছিল ৬ দশমিক ২৩ ডলার। একই সময়ে পেট্রোলের গড় দাম ছিল প্রায় ৪ দশমিক ৩২ ডলার।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সত্যিই এই ধরনের কোনো সমঝোতা মেনে চলবে কি না, সে বিষয়ে কিয়েভ নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, মিত্ররা যদি নিশ্চিত করতে পারে যে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় হামলা বন্ধ রাখবে, তাহলে ইউক্রেনও পাল্টা হামলা বন্ধ রাখতে প্রস্তুত।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জ্বালানির দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখলেও এটিই একমাত্র কারণ নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, লোহিত সাগরের সংঘাত এবং বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলাও বিশ্ববাজারে চাপ তৈরি করেছে।

জ্বালানি বিশ্লেষক প্যাট্রিক ডি হান বলেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই পেট্রোল ও ডিজেলের গড় দাম বেড়েছে। রাশিয়ার আরও দুটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধিত জ্বালানি সরবরাহেও বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি।