...|...|...

খেলা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ৯:০৪
Shares
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৬ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও লজ্জা এড়াতে পারেনি থমাস ডুলির শিষ্যরা। বড় ব্যবধানের এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই ওলে রমনির পাস থেকে মিচেল লি বাকেরের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

২০ মিনিটে জটলার ভেতর থেকে বাকেরের দ্বিতীয় গোল এবং ৩১ মিনিটে রিজকি রিদোর লক্ষ্যভেদে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৩৬ মিনিটে সুকির নিচু ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান কমান বাংলাদেশের স্ট্রাইকার শাহরিয়ার ইমন—যা চলতি আসরে লাল-সবুজদের প্রথম গোল।

তবে সেই আনন্দের স্থায়িত্ব ছিল না এক মিনিটও। পরের মিনিটে নিজের হ্যাটট্রিক ও ৪২ মিনিটে চতুর্থ গোল হাঁকান ডাচ বংশোদ্ভূত স্ট্রাইকার লি বাকের। যোগ করা সময়ে জাস্টিন হাবনারের হেডে প্রথমার্ধেই ৬–১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় অর্ধে সোহেল রানা, ফারহান আলী ও মিনহাজকে মাঠে নামালে খেলায় কিছুটা গতি ফেরে। ৬০ মিনিট পর্যন্ত ইন্দোনেশিয়াকে আটকে রাখতে পারলেও পরে লুক বিকারি দলের সপ্তম গোলটি করেন। ৯১ মিনিটে রাকিব হোসেনের চমৎকার ক্রস থেকে ফারহান আলী বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও মাঠজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার মাঝে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস ও সপ্তম মিনিটে লি বাকের নিজের পঞ্চম গোলটি করলে ৯-২ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্দোনেশিয়া। ম্যাচ শেষে মাঠে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরীকে।