...|...|...

লাইফস্টাইল

ইনস্টাগ্রামে ভাইরাল ৮০- এর দশকের লুক, যেভাবে শুরু হলো ট্রেন্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭
Shares
ইনস্টাগ্রামে ভাইরাল ৮০- এর দশকের লুক, যেভাবে শুরু হলো ট্রেন্ড

৮০- এর দশকের লুক। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ফিরেছে পুরোনো দিনের নস্টালজিয়া। তবে এবার পুরোনো অ্যালবাম ঘেঁটে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বর্তমানের ছবিকেই ১৯৮০- এর দশকের আদলে রূপ দিচ্ছেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামে এরই মধ্যে এই ট্রেন্ডের অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে।

‘আমি ৮০- এর দশকে কেমন দেখতে হতাম?’- এই কৌতূহলকে কেন্দ্র করেই মূলত শুরু হয়েছে ট্রেন্ডটি। ইনস্টাগ্রামের ‘Add Yours’ স্টিকারের মাধ্যমে একজনের পোস্ট থেকে অন্যজন এতে যুক্ত হচ্ছেন। ফলে অল্প সময়েই ট্রেন্ডটি ছড়িয়ে পড়ছে বন্ধু, পরিচিতজন থেকে শুরু করে বিভিন্ন ব্যবহারকারীর মধ্যে।

এই ট্রেন্ডে শুধু ছবিতে পুরোনো ফিল্টার বসানো হচ্ছে না। এআইয়ের সাহায্যে পুরো ছবির আবহই বদলে দেওয়া হচ্ছে। পোশাক, চুলের স্টাইল, গয়না, ব্যাকগ্রাউন্ড, আলো এবং ছবির টেক্সচারে যোগ হচ্ছে আশির দশকের ছাপ। ফলে কোনো ছবি হয়ে উঠছে পুরোনো পারিবারিক অ্যালবামের মতো, আবার কোনোটি মনে হচ্ছে সেই সময়ের সিনেমা, ম্যাগাজিন বা স্টুডিও পোর্ট্রেট।

বিশেষ করে আশির দশকের উজ্জ্বল পোশাক, বড় চুল, স্টেটমেন্ট জুয়েলারি, গোঁফ, হাই-ওয়েস্টেড প্যান্ট কিংবা পুরোনো স্টুডিওর আবহ ছবিগুলোকে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। কেউ আবার ডিস্কো, পারিবারিক অনুষ্ঠান, সমুদ্রসৈকত বা পুরোনো শহরের পরিবেশ বেছে নিচ্ছেন।

এ ধরনের এআই- নির্ভর ছবি নিয়ে ট্রেন্ড অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে কার্টুন, তারকার সাথে ছবি কিংবা পেশাভিত্তিক চরিত্র তৈরির প্রবণতা দেখা গেছে। তবে ৮০- এর দশকের ট্রেন্ডে প্রযুক্তির সাথে নস্টালজিয়া যুক্ত হওয়ায় এটি আলাদা করে নজর কেড়েছে।

ট্রেন্ডটির জনপ্রিয়তার আরেকটি কারণ হলো- এতে মানুষ নিজের একটি ‘বিকল্প অতীত’ কল্পনা করার সুযোগ পাচ্ছেন। বাস্তবে যে সময়ে তাদের ছবি তোলা সম্ভব ছিল না, এআইয়ের মাধ্যমে সেই সময়ের পোশাক, পরিবেশ ও ফ্যাশনের মধ্যে নিজেদের দেখতে পারছেন তারা।

ফলে ৮০- এর দশকের এই এআই ট্রেন্ড এখন শুধু ছবি সম্পাদনার বিষয় নয়; বরং পুরোনো সময়ের ফ্যাশন ও স্মৃতিকে নতুন প্রযুক্তির মাধ্যমে কল্পনা করে দেখার এক ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের বিনোদনে পরিণত হয়েছে।