ফেনীর মহিপালে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা পৃথক চারটি হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তবে ভার্চুয়াল শুনানিকালে মামলার তদন্তকারী কর্মকর্তাদের তিনি ভবিষ্যতে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ জুন) ফেনী সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান এই আদেশ দেন। নিরাপত্তাজনিত কারণে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে সশরীরে হাজির না করে পূর্বানুমতি অনুযায়ী ভার্চুয়ালি যুক্ত করা হয়। এদিন শুনানিতে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক ও সাইদুল ইসলাম শাহী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জাকির হোসেন শাকিব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা অলি আহাদ, ইসতিয়াক আহমেদ শ্রাবণ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল উদ্দিন উপস্থিত থেকে মামলার অগ্রগতি তুলে ধরেন এবং আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, তদন্তকারী কর্মকর্তারা মামলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেওয়ার একপর্যায়ে মাসুদ উদ্দিন চৌধুরী উত্তেজিত হয়ে ওঠেন। তিনি তদন্ত কর্মকর্তাদের উদ্দেশে সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘এখন ক্ষমতা আছে, গ্রেফতার দেখান। আমরাও এটার শেষ দেখে নেব।’
আইনজীবী আরও জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালত দ্রুত চার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে ভার্চুয়াল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে এ বিষয়ে আদালতে উপস্থিত আইনজীবীদের আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি।
আদালতের মতো জায়গায় এমন প্রকাশ্য হুমকির ঘটনায় তদন্তকারী কর্মকর্তাদের একজন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা আদালতে উত্তপ্ত বাক্যবিনিময়ের কথা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে থানায় জিডি করার বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে এবং পুলিশ এ নিয়ে কাজ করছে।
অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, হুমকির বিষয়টি সম্পর্কে তাকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত ব্যাপক সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে এই হত্যা মামলাগুলো দায়ের করা হয়েছিল।

