...|...|...

জাতীয়

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ১২:০৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩০
Shares
আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল। এ উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তার র‍্যাংক ব্যাজ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ মো. সাইফুল্লাহ রাসেলের নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘যোগ্যতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে মো. সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। নতুন দায়িত্বে তিনি আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মো. সাইফুল্লাহ রাসেল বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক উন্নয়নে অবদান রাখবেন।’

অনুষ্ঠানে সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক, জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই পদোন্নতি মো. সাইফুল্লাহ রাসেলের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং আনসার-ভিডিপি বাহিনীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।