...|...|...

আইন ও আদালত

আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৬:০৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০২
Shares
আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মামলার রায় লেখা বেআইনি না হলেও অনৈতিক ও যথাযথ নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

তিনি বলেন, রায় লেখার ক্ষেত্রে মামলার প্রকৃত তথ্য, প্রযোজ্য আইন এবং বিচারকের নিজস্ব বিবেক ও চিন্তাশক্তির সমন্বয় প্রয়োজন। তবে বিচারকের এই বিবেক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘এআই দিয়ে আপনি যাই করেন আর নাই করেন রায় লিখতে পারবেন না। এটা অনুচিত। হয়তো বেআইনি নয়, কিন্তু নিশ্চিতভাবেই যথাযথ নয় এবং অনৈতিক।’

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে প্রথমে মামলাটি কী নিয়ে এবং এর প্রকৃত ঘটনা বা তথ্য কী, তা নির্ধারণ করতে হবে। এরপর সেই তথ্যের ওপর প্রযোজ্য আইন ও সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করতে হবে। সবশেষে সিদ্ধান্ত নেওয়ার সময় বিচারকের নিজের বিবেক ব্যবহার করতে হবে।

জুবায়ের রহমান চৌধুরী বলেন, মানুষের বিবেক তার নিজস্ব বিষয় এবং এটি স্বপ্রণোদিত চিন্তাশক্তির সঙ্গে সম্পর্কিত। মানুষের চিন্তাশক্তি নষ্ট হয়ে গেলে সে অনেক ছোট হয়ে যাবে। তাই তথ্য ও আইনের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে বিচারকের নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করা জরুরি।

এআই ব্যবহারের ঝুঁকির দিকও তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সম্প্রতি ইংল্যান্ডে এআই ব্যবহার করে একটি মামলার রায় লেখা হয়েছিল। পরে দেখা যায়, ওই রায়ে এআই যেসব বিচারিক সিদ্ধান্তের রেফারেন্স দিয়েছিল, সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না।

এ কারণে বিচারিক কাজে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে এবং এআই যেন কেবল ইতিবাচক কাজে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন মোহাম্মদ একরামুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাসনোভা শেলী বক্তব্য দেন।