আজকের আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) গ দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন-নিপীড়ন করেছে। হত্যা, গুম ও দুর্নীতির রাজনীতি বেছে নেওয়ার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এই চক্রের মধ্যে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের পালস থেকে দূরে সরে গেছে। কারণ তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল।’
দলের বর্তমান অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে সোহেল তাজ বলেন, ‘মাছের পচন শুরু হয় মাথা থেকে। আমাদেরও একই রকম অবস্থা সৃষ্টি হয়েছে। পচন শুরু হয় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে। এবার পুরো বডিটাই পচে গেছে।’
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ছিল নীতি ও আদর্শভিত্তিক একটি দল। কিন্তু সময়ের সঙ্গে সেই দলের চরিত্রে পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ‘সেই আওয়ামী লীগ ছিল নীতি-আদর্শভিত্তিক দল। আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ-এটা পরিষ্কার হয়ে গেছে।’


