কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার ১০জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন, তারা হলেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।
এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেয়ার আহ্বান জানানো হয়।
গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদফতর এক তথ্য বিবরণীতে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
বিবরণীতে আরও বলা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

