...|...|...

সংবাদ

অপরাধ না করলে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের: ফয়জুল করিম

অপরাধ না করলে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের: ফয়জুল করিম

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৩৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৭
Shares
অপরাধ না করলে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের: ফয়জুল করিম


আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অপরাধে জড়িত নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বুধবার( ২১ জানুয়ারী) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময়, আসামি না হয়েও যাকে-তাকে আসামি বানিয়ে পুলিশ ধরে নিয়ে যাওয়ার মত ধরনের হয়রানি বন্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে।  দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।  অপরাধী যেই হোক, তার বিচার হবে।  কিন্তু যারা কোনো অপরাধ করেননি, তাদের নিরাপত্তা দেওয়া সরকারেরই দায়িত্ব। কাউকে যেন অহেতুক হয়রানি না করা হয়।

তিনি বলেন, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবেন।  বরিশাল অঞ্চলের উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচনকালীন পরিস্থিতি, চলমান রাজনৈতিক বাস্তবতা ও ইসলামী রাজনীতির লক্ষ্য তুলে ধরেন।  পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়েরসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।