...|...|...

খুলনা

অনিয়মের অভিযোগে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ১১:৪১
Shares
অনিয়মের অভিযোগে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ।

অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন—উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।

উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা জামায়াতে ইসলামীর কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অভিযুক্ত নেতারা অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় উপজেলা জামায়াত।

এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।