...|...|...

বিশেষ প্রতিবেদন

বেক্সিমকো ফার্মা

ছয় বছরে রাসায়নিকের জন্য আনাদায়ী রেগুলেটরি ডিউটি

আমদানিতে শুল্ক ফাঁকি ২০ কোটি

সিএন্ডএফ এজেন্টের কারসাজি ও চট্টগ্রাম কাস্টমস হাউজের গাফিলতি

এনায়েত শাওন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:২০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৪
Shares
আমদানিতে শুল্ক ফাঁকি ২০ কোটি

ছবি: সংগৃহীত।

বিদেশ থেকে পণ্য আমদানিতে আদায়যোগ্য রেগুলেটরি ডিউটি (আরডি) বা নিয়ন্ত্রকমূলক শুল্ক ফাঁকি দিয়েছে বেক্সিমকো-ফার্মাসিউটিক্যালস। ঔষুধ তৈরিতে ব্যবহৃত তিন ধরণের রাসায়নিক আমদানি করলেও ছয় বছর ধরে নিয়মিতভাবে আরডি ছাড়াই পণ্য খালাস করে নিয়ে গেছে প্রতিষ্ঠানটি। আমদানির সময় আরডি কর্তনের নিয়ম থাকলেও শুল্ক কর্তৃপক্ষ গাফিলতি করেছে এবং সিএন্ডএফ এজেন্ট কারসাজির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে।

জানা গেছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ওষুধ তৈরি জন্য প্রয়োজনীয় ডেক্সট্রিন, সরবিটল ও সুক্রোজ নামের রাসায়নিক আমদানি করেছে। এসব পণ্য আমদানির সময় আমদানি শুল্ক (সিডি), আরডি, অগ্রীম আয়কর কর ও অগ্রীম কর আদায়ের নিয়ম থাকলেও আরডি আদায় করা হয়নি। ফলে এই তিন রাসায়নিক আমদানিতে আরডি প্রদান না করে সরকারের ক্ষতি সাধন করেছে বেক্সিমকো ফার্মা। গত ছয় বছরে এই তিনটি রাসায়নিক আমদানিতে সরকার রাজস্ব হারিয়েছে ১৯ কোটি ৮৭ লাখের অধিক টাকা। তবে, সম্প্রতি এক নীরিক্ষায় বিষয়টি ধরা পড়ার পর নড়েচড়ে বসে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এই নীরিক্ষার আলোকে রাজস্ব আদায়ের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন উছিলায় বেক্সিমকো সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (ক্রয়) শাহ ইমরানের সাথে কথা বলার পরামর্শ দেন। এ সম্পর্কে শাহ ইমরান বলেন, ফাঁকি দেওয়ার প্রশ্নই আসে না, ফার্মাসিইউটিক্যালসের জন্য বিশেষ এসআরও জারি করা হয়েছিল এজন্য আরডি দেওয়ার প্রয়োজন হয়নি। তবু চট্টগ্রাম কাস্টমস হাউজের সাথে আলোচনা চলমান রয়েছে।

তথ্যমতে, কেবলমাত্র ডেক্সট্রিন ও অন্য পরিবর্তিত শর্করা জাতীয় রাসায়নিক আমদানির ক্ষেত্রে ৩৮ চালানে আরডি প্রদান করা হয়নি। এসব পণ্যের ওপর আরডি অব্যাহতি না থাকলেও প্রযোজ্য ১৫ শতাংশ আরডি কর্তন করেনি চট্টগ্রাম কাস্টমস হাউজ। ফলে এই একটি রাসায়নিক আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকির পরিমাণ ৩ কোটি ৬১ লাখ টাকা।

অন্যদিকে, সরবিটল নামের রাসায়নিক একই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অথচ ৪১টি চালানের মাধ্যমে পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষ আরডি কর্তন করেনি। শুধু সরবিটন নামের রাসায়নিক আমদানির মাধ্যমে ৬ কোটি ১৩ লাখ টাকার বেশি ফাঁকি দিয়েছে বেক্সিমকো। অথচ এই রাসায়নিকের ওপর আরডি অব্যাহতি নয় বরং ১৫ শতাংশ ধার্য করা ছিল।

নথিপত্র ঘেঁটে দেখা গেছে, সুক্রোজ নামের রাসায়নিক গত হয় বছরে ৩৯বার আমদানি করেছে ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এক্ষেত্রেও ৩০ শতাংশ নির্ধারিত আরডি ছাড়াই পণ্য খালাসের অনুমতি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ১০কোটি ১১লাখ টাকার অধিক অর্থ।

এনবিআর সূত্র জানায়, ২০১৪ সালের জারিকৃত এসআরও নং-১২২ কাস্টমস এর টেবিল-২ থেকে দেখা যায় সংশ্লিট পণ্য তিনটি ডেক্সট্রিন, সরবিটল ও সুক্রোজের জন্য আরডি যথাক্রমে ১৫, ১৫ ও ৩০ শতাংশ ধার্য করা হয়। 
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক জারিকৃত ২০১৪ সালের আরেক এসআরও থেকেও দেখা যায় সংশ্লিষ্ট রাসায়নিক তিনটির আমদানিতে আরডি আদায়ের নির্দেশনা রয়েছে। কিন্তু সিএন্ডএফ এজেন্টের কারসাজিতে চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে পণ্য খালাস করে নেওয়া হয়েছে। এক্ষেত্রে কাস্টমস হাউজের কর্মকর্তাদের গাফিলতিও রয়েছে। সিএন্ডএফ এজেন্টের অসাধু পন্থা অবলম্বনের জন্য কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ এর ২০ ধারা উপেক্ষিত হওয়ায় আইনী পদক্ষেপ ও সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছে সরকারি নিরীক্ষায়। ফলে দায়দায়িত্ব নির্ধারণের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপত্তিকৃত অর্থ আদায়ের ব্যবস্থার কথা উল্লেখ থাকায় কাস্টমস কর্তৃপক্ষ পুনশুল্কায়নের জন্য চিঠি দিয়েছে বেক্সিমকোকে।

গত ৭ অক্টোবর চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বেক্সিমকোকে পাঠানো চিঠিতে দেয়। এতে কাস্টমস আইন, ২০২৩ এর ৯১ (৩) অনুযায়ী ১১৮টি বিল অব এন্ট্রিসমূহের বিপরীতে পুনঃশুল্কায়নের বিষয়টি অবহিত করে ১৫ দিনের মধ্য লিখিত জবাব অথবা প্রতিনিধিকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়। এ প্রেক্ষিতে বেক্সিমকোর সহকারী মহাব্যবস্থাপক (ক্রয়) ইকরামুল হক কাস্টমস হাউজের চিঠিতে প্রদেয় বিল অব এন্ট্রির নম্বর গুলো অস্পষ্ট বলে পুনরায় তালিকা প্রেরণের জন্য ১৯ অক্টোবর অনুরোধ জানায়। পরে আরেক চিঠিতে প্রয়োজনীয় তথ্য, দলিলাদি ও জবাব দাখিলের জন্য ৪৫ কর্মদিবস সময় চেয়ে ২৯অক্টোবর আবেদন করেন বেক্সিমকোর নির্বাহী পরিচালক (ক্রয়) শাহ ইমরান। তবে ৮ নভেম্বর কাস্টমস কর্তৃপক্ষ ত্রিশ কর্মদিবস সময় মঞ্জুর করে চিঠি দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন টাইমস টুডেকে বলেন, আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। নিরীক্ষার আপত্তিকৃত বিষয়ে পুনঃশুল্কায়নের মাধ্যমে রাজস্ব আদায়ের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। এজন্য যা যা করা দরকার এক্ষেত্রে তাই করা হচ্ছে। এমনকি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে।