ভারতের পশ্চিমবঙ্গে এবার প্রায় সাড়ে ৬শ বছরের পুরোনো একটি মসজিদকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ ঐতিহাসিক এই মসজিদটিকে মন্দির বলে দাবি করে এর পাশে পূজা-অর্চনা শুরু করেছে।
সোমবার (২৭ জুলাই) মসজিদটির বাইরে বড় ধরনের একটি শিবলিঙ্গ স্থাপনের পরিকল্পনাও করছে বিজেপি নেতার নেতৃত্বাধীন সংগঠনটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশটির প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) তথ্যমতে, পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়া এলাকায় অবস্থিত আদিনা মসজিদটি ১৩৭৩ সালে সুলতান সিকান্দার শাহের দ্বারা নির্মিত হয়েছিল। মধ্যযুগে এটি পুরো উপমহাদেশের বৃহত্তম একটি মসজিদ ছিল। কিন্তু হিন্দু ডানপন্থি সংগঠনসহ বিজেপির দাবি, মসজিদটি শিবের জন্য উৎসর্গ করা ‘আদিনাথ মন্দিরের’ জায়গায় নির্মিত হয়েছিল।
২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে হিন্দুত্ববাদী বিজেপিদলীয় রাজ্যসভার সদস্য ও বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে তোলেন। ওই সময় তিনি বলেন, বাংলার সুলতান সিকান্দার শাহ ১৩৭৩ সালে আদিনা মসজিদ নির্মাণ করেন। আগে থেকেই সেখানে থাকা হিন্দু ও বৌদ্ধ স্থাপনার উপকরণ ব্যবহার করে ওই মসজিদটি নির্মিত হয়েছিল।
স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ওই স্থানে আগে শিব ও বিষ্ণুর উদ্দেশে নির্মিত আদিনাথ মন্দির ছিল। এ ছাড়া মসজিদের ভেতরে থাকা হিন্দু প্রতীক ও স্থাপত্যও এই দাবিকে সমর্থন করে বলেও দাবি করেন তিনি।
হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ এর দাবি, ঐতিহাসিক ওই মসজিদটিতে একটি শিবলিঙ্গ ছাড়াও বহু হিন্দু ও বৌদ্ধ প্রতীক রয়েছে। এ বিষয়ে এএসআইয়ের প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার কথাও জানিয়েছে সংগঠনটি।
তবে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) রাজ্য সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এটিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি কৌশল হিসেবে দেখছেন।

