নেত্রকোণার দূর্গাপুর উপজেলায় ভারতীয় মদ ও জিলেট ব্লেড জব্দ করেছেন দূর্গাপুর থানার পুলিশ। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন - নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের বুরহান উদ্দিন (২০) ও দূর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা এলাকার আব্দুস সালাম (৩২)।
বৃহস্পতিবার (৩০জুুলাই) সকালে নেত্রকোণা আদালতে পাঠানো হবে বলে জানান নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার (২৯জুলাই) দুপুরের দিকে নেত্রকোণার দূর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় মাদক বহনে ব্যবহৃত একটি মালিকবিহীন ট্রাক সরাতে গিয়ে ওই এলাকা দিয়ে ব্যাটারী চালিত একটি অটোতে করে বস্তায় মোড়ানো ভারতীয় ৯৮হাজার পিস জিলেট ব্লেড নিয়ে যাচ্ছিল। ওই সময় অটোচালক আব্দুস সালামের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ সহ বুরহান উদ্দিনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নেত্রকোণা আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, নেত্রকোণার দূর্গাপুরের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না। এলাকার শান্তিশৃঙ্খলা, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


