খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের অধ্যায় শেষ হলেও আলবিসেলেস্তেদের সাথে লিওনেল মেসির সম্পর্কের ইতি নাও ঘটতে পারে। এবার তাকে ভিন্ন ভূমিকায় জাতীয় দলে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এমনকি কোচিং স্টাফে মেসিকে যুক্ত করার প্রস্তাবের দরজাও খোলা রেখেছেন তিনি।
কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। মেসি চাইলে তাকে কোচিং স্টাফে স্বাগত জানাতে কোনো আপত্তি নেই বলে জানান তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও এ খবর প্রকাশ করেছে।
মেসিকে দলে যুক্ত করার সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার (ওয়াল্টার স্যামুয়েল, স্কালোনির সহকারী হিসেবে কাজ করেছেন) চলে যাচ্ছে, তাই... সে চলে আসুক।’
গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায় নিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। তবে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনই অবসরের পরিকল্পনা নেই এই তারকার। তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনার মধ্যেই জাতীয় দলের কোচিং স্টাফে তাকে পাওয়ার আগ্রহ প্রকাশ করলেন স্কালোনি।
তবে কোচিং পেশায় আসার বিষয়ে এখন পর্যন্ত আগ্রহ দেখাননি মেসি। বরং একাধিকবার জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচ হওয়ার চেয়ে ফুটবল প্রশাসনের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা তার বেশি।
ইতিমধ্যে ক্রীড়া ব্যবস্থাপনায় নিজের সম্পৃক্ততা বাড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। রোজারিওর ক্লাব লিওনেস দে রোজারিও, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সাথে যুক্ত রয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব এলদেনসেতে মেসির সাথে অংশীদারত্ব রয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ লুইস সুয়ারেজেরও।
এদিকে মেসির ফুটবল ক্যারিয়ার আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন স্কালোনি। তার বিশ্বাস, জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে আরও কয়েক বছর খেলতে পারেন মেসি। এমনকি ২০৩০ সালের পরও তাকে ফুটবল মাঠে দেখা যেতে পারে বলে আশাবাদী আর্জেন্টাইন কোচ।
অন্যদিকে, স্কালোনির কোচিং স্টাফেও পরিবর্তন আসছে। দীর্ঘদিন তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ওয়াল্টার স্যামুয়েল এবার নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। তবে তার বিদায়ের পরপরই নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্কালোনি।
স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার আগেই জানিয়েছিল, সে নিজের মতো করে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা। সে এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল। নিজের নতুন যাত্রা শুরু করার অধিকার তার আছে।’



