ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা, আনন্দ আর কাছের মানুষদের সাথে কিছু স্মরণীয় মুহূর্ত। সেই ভ্রমণের গল্পেই এবার বড় পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামান।
চরকির প্রযোজনায় নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’। পারিবারিক ভ্রমণকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় উঠে আসবে মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, সম্পর্কের টানাপোড়েন এবং যাত্রাপথের নানা ঘটনা-অঘটন।
কাজী আসাদের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হয়েছে কুয়াকাটায়। ইতিমধ্যে সেখানে অবস্থান করছে পুরো শুটিং ইউনিট। ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে সিনেমাটির দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে। আগামী বছর (২০২৭) ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘যাত্রা বিরতি’র।
সিনেমাটিতে মোশাররফ করিমের পরিবারের সদস্য হিসেবে দেখা যাবে সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামানকে। এ ছাড়া অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ আরও অনেকে। সম্প্রতি নির্মাতা ও অভিনয়শিল্পীদের সাথে চুক্তি সম্পন্নের আয়োজনেও ছিল হাসি-ঠাট্টা ও আড্ডার আমেজ।
ভ্রমণের আনন্দে ৮৪ বছর বয়সেও উচ্ছ্বসিত দিলারা জামান
সিনেমাটিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। বয়স ৮৪ হলেও শুটিংয়ের পাশাপাশি ভ্রমণ ও তরুণ সহকর্মীদের সাথে সময় কাটানোর আনন্দ তাকে উচ্ছ্বসিত করেছে। শুটিংয়ের সুবাদে একটু ঘুরে বেড়ানো, নতুন জায়গা দেখা এবং সহকর্মীদের সাথে ভালো সময় কাটানোর সুযোগকে উপভোগ করতে চান তিনি।
দিলারা জামান বলেন, ‘শুটিংয়ের উছিলায় একটু ঘুরে বেড়াব, তরুণ সহকর্মীদের সাথে আনন্দ করব, ভালো সময় কাটাব—এই আমার বাসনা। তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’
বিরতি ভেঙে বড় পর্দায় মোশাররফ করিম-সুমাইয়া শিমু
মোশাররফ করিম ও সুমাইয়া শিমু—দর্শকের পরিচিত এই জুটি দীর্ঘ বিরতির পর আবার একসাথে অভিনয় করছেন। এবার তাদের দেখা যাবে বড় পর্দায়। এর আগে বিভিন্ন নাটকে তাঁদের অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ‘যাত্রা বিরতি’তেও এই জুটির রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে বলে প্রত্যাশা নির্মাতার।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দ্বিধায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি, দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরই খুঁজে পাবেন।’
নির্মাতা কাজী আসাদের সাথে আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে কাজ করেছেন মোশাররফ করিম। ফলে পরিচালকের সাথে তার আগে থেকেই কাজের বোঝাপড়া রয়েছে। সিনেমাটির গল্পও তার ভালো লেগেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
মোশাররফ করিম বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেক দিন পর একসাথে অভিনয় করছি, এটা একরকম ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মোশাররফ করিমের সাথে অভিনয়ে উচ্ছ্বসিত দীঘি
‘যাত্রা বিরতি’তে পরিবারের আরেক সদস্যের চরিত্রে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকলেও মোশাররফ করিমের সাথে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রিয় অভিনেতার সাথে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীঘি, তবে ক্যামেরার সামনে তার সাথে অভিনয় নিয়ে কিছুটা চিন্তাও রয়েছে।
দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সাথে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’
অন্যদিকে রাকিব হোসেন ইভনও সিনেমাটির গল্প নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘গল্পটা দারুণ। এই গল্পে কাজ না করার কোনো কারণ নেই। শিগগিরই শুটিং শুরু হচ্ছে। ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষায় আছি।’
চরকির নতুন উদ্যোগ ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’
ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত চরকি এবার প্রেক্ষাগৃহের দর্শকদের জন্যও নতুন উদ্যোগ নিয়েছে। ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’-এর আওতায় নির্মিত হচ্ছে ‘যাত্রা বিরতি’। এর আগে চরকি বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা প্রযোজনা করেছে। এবার বড় পর্দার জন্য সিনেমা নির্মাণের এই উদ্যোগকে বাংলা চলচ্চিত্রের জন্য নতুন প্রচেষ্টা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘আমরা সিনেমা হলের দর্শকদের জন্য বিগত কয়েক বছর অনেকগুলো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে এসেছি। প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড় আর দর্শকের উচ্ছ্বাস আমাদের ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’ প্রকল্পে উৎসাহী করেছে। ‘যাত্রা বিরতি’ চলচ্চিত্রটি নতুন প্রচেষ্টা।’
তিনি আরও বলেন, ‘কাজী আসাদের নির্মাণে দর্শকের আস্থা তৈরি হয়েছে। এর সাথে আছেন দেশের জনপ্রিয় ও গুণী সব অভিনয়শিল্পী। সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রচেষ্টায় আছি। আশা করি, ঈদে দর্শকের উচ্ছ্বাস আমাদের আবার অনুপ্রাণিত করবে।’
‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। পারিবারিক সম্পর্ক, ভ্রমণের আনন্দ এবং জীবনের নানা অভিজ্ঞতার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।


