ভারতীয় ক্রিকেট ও বলিউড অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি বিয়ের গুঞ্জন। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সাথে বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের বিয়ে হতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বহুল আলোচিত এই বিয়ের গুঞ্জনের পেছনে কতটা সত্যতা রয়েছে? বিষয়টি নিয়ে মুখ খুলেছে সারার ঘনিষ্ঠ একটি সূত্র।
তাদের দাবি, সারা ও রাজবীরের মধ্যে কোনো সম্পর্কই নেই, এমনকি কখনো দেখাও হয়নি দুজনের! তাহলে কীভাবে ছড়াল এই বিয়ের গুঞ্জন?
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সারার ঘনিষ্ঠ একটি সূত্র বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ওই সূত্রের দাবি, সারা বর্তমানে সিঙ্গেল এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত। রাজবীরের সাথে তার কোনো সম্পর্ক তো নেই-ই, এমনকি দুজনের কখনো পরিচয়ও হয়নি।
সারার ঘনিষ্ঠ সূত্রটি জানায়, ‘এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। সারা ও রাজবীর কখনো একে অপরের সাথে দেখাও করেননি। সারা সিঙ্গেল এবং এমন জল্পনা অপ্রয়োজনীয় ও বিরক্তিকর।’
এদিকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনাও কম সারার। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকতে পছন্দ করেন তিনি।
তবে বিয়ে নিয়ে সারার নিজের ভাবনা অবশ্য আগেই প্রকাশ পেয়েছে। ভাই অর্জুন টেন্ডুলকারের বিয়েকে নিজের ভবিষ্যৎ বিয়ের প্রস্তুতির একটি অভিজ্ঞতা হিসেবে দেখেন তিনি। ভোগ ম্যাগাজিনকে সারা বলেছিলেন, ভাইয়ের বিয়ে ছিল তার জন্য এক ধরনের ‘ট্রায়াল রাউন্ড’। সেই অভিজ্ঞতা থেকে নিজের বিয়েতে কী চান আর কী চান না, তা বুঝতে পেরেছেন।
জেন-জি প্রজন্মের সম্পর্ক নিয়েও খোলামেলা মত দিয়েছেন সারা। তার মতে, বর্তমান প্রজন্ম বিয়েকে গুরুত্ব দিলেও সম্পর্ক ঠিকভাবে কাজ না করলে বিয়ের আগেই সরে আসতে দ্বিধা করে না। বরং ভুল সম্পর্কে আটকে থাকার চেয়ে সময়মতো বেরিয়ে আসাকেই সাহসী সিদ্ধান্ত মনে করেন তিনি।
উল্লেখ্য, শচীন ও অঞ্জলি টেন্ডুলকারের বড় সন্তান সারা। অন্যদিকে রাজবীর বলিউড তারকা সানি দেওল ও পূজা দেওলের ছেলে। দুই তারকা পরিবারের সন্তানকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়ালেও আপাতত বাস্তবতার সাথে তার কোনো মিল পাওয়া যাচ্ছে না।


