...|...|...

বিনোদন

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৪
Shares
মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে শেষ হলো বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির যাত্রা। প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে এবারের আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিযোগীকে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছেন ১১৬ জন প্রতিযোগী।

এবারের আয়োজনে দর্শকদের ভোটে সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ রাখা হয়েছিল একজন প্রতিযোগীর জন্য। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি।

দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম। অন্যদিকে দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স বিবেচনায় বাছাই করা হয় বাকি প্রতিযোগীদের।

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ যারা

এবারের আসরের সেরা ৩০-এ জায়গা করে নেওয়া দেশ ও অঞ্চলগুলো হলো নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।

সেরা ৩০ থেকে পরবর্তী ধাপে সুইমস্যুট পর্বের মাধ্যমে নির্বাচিত হবেন সেরা ১২ প্রতিযোগী। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বে পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

সেরা ৩০-এ জায়গা না হওয়ায় এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর এগোনো হচ্ছে না বাংলাদেশের সামিরা খান মাহির।