...|...|...

বিশ্ব

‘মোদির পতন আসন্ন’, এবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:০৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯:১০
Shares
‘মোদির পতন আসন্ন’, এবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন আসন্ন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল। একই সঙ্গে নির্বাচনী অধিকার রক্ষার দাবিতে সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।

সংবাদমাধ্যম রিডিফ এক প্রতিবেদনে জানায়, শনিবার (১০ অক্টোবর) কেরালার আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভেনুগোপাল। তিনি অভিযোগ করেন, বিরোধীদের বিক্ষোভে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষায় মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভেনুগোপাল জানান, নির্বাচনী অধিকার রক্ষার লড়াইয়ের অংশ হিসেবে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ‘ইন্ডিয়া’ জোট সোমবার দিল্লিতে বড় বিক্ষোভ করবে। এ বিষয়ে উদ্বেগ জানাতে জোটের প্রতিনিধিরা সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

বিক্ষোভকারীদের মোকাবিলায় মেট্রো স্টেশন বন্ধ রাখার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভেনুগোপাল। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলন চলবে।

কেরালায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ছাড়া নির্বাচন কমিশনের লেটারহেডে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল থাকার বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কথাও তুলে ধরেন।

এদিকে, কেরালায় সর্বভারতীয় চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠান (এইমস) স্থাপনের অনুমোদন না দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করেন ভেনুগোপাল। তাঁর অভিযোগ, অন্য রাজ্যে এইমস স্থাপনের অনুমোদন দেওয়া হলেও কেরালার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গ্রহণযোগ্য কোনো যুক্তি দেখাতে পারেনি।

ভেনুগোপাল জানান, ২০১৫ সালে সংসদে বিষয়টি উত্থাপনের পর তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পরের বছর কেরালায় এইমস স্থাপনের অনুমোদনের আশ্বাস দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। আগামী দুই বছরের মধ্যে বিজেপি সরকার অনুমোদন না দিলে ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে কেরালায় এইমস স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সিএমআরএল-এক্সালজিক মামলায় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশসংক্রান্ত প্রশ্নে ভেনুগোপাল বলেন, আইন ও আদালতের নির্দেশ সবার জন্য সমানভাবে প্রযোজ্য।