প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক আদালতের শৃঙ্খলা কমিটি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। এর সাথে সরাসরি লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় সান্তোসের হয়ে পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের অভিযোগে নেইমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে শাস্তির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট শৃঙ্খলা কমিটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।
ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। এ সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলতে দেখা যায় সান্তোসের এই ফরোয়ার্ডকে।
এ ঘটনার পর ‘ভিনি জুনিয়র প্রটোকল’ অনুযায়ী নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, মাঠ ছাড়ার আগে নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার বেঞ্চের দিকে এগিয়ে যান তিনি। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় অভিযোগ আনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করার বিষয়টি এ ধারার আওতায় বিবেচনা করা হয়েছে।
শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে উল্লেখিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর সাত নম্বর বিধানের পরিপন্থী। বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্যের বিষয়টি আড়াল করতে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকানো এ নিয়মের অন্যতম উদ্দেশ্য।
সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী নেইমারের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল। এর সাথে শৃঙ্খলা কমিটির দেওয়া দুই ম্যাচের শাস্তি যুক্ত হওয়ায় মোট তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।


