...|...|...

খেলা

‘পর্তুগালের নায়ক হয়েই থাকবে’, ছেলেকে নিয়ে বললেন রোনালদোর মা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৪
Shares
‘পর্তুগালের নায়ক হয়েই থাকবে’, ছেলেকে নিয়ে বললেন রোনালদোর মা

ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলকে ঘিরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক বিতর্কে এবার নিজের কষ্টের কথা জানিয়েছেন তার মা মারিয়া দোলোরেস। ছেলের বিদায়ের ধরন তাকে ব্যথিত করেছে। তার মতে, পর্তুগালের হয়ে অসামান্য অবদান রাখা রোনালদোর বিদায় আরও মর্যাদাপূর্ণ হতে পারত।

গত সপ্তাহে কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে ডেনমার্কে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। এ ঘটনা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়, যার প্রভাব পড়ে রাজনৈতিক মহলেও।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ বিবৃতি দেন পর্তুগিজ তারকা। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরার পাশাপাশি কোচ জেসুসের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

পর্তুগিজ সাময়িকী ‘টিভি ৭ ডিয়াস’-কে দেওয়া সাক্ষাৎকারে ৭১ বছর বয়সী মারিয়া দোলোরেস বলেন, ছেলের এমন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। তার ভাষায়, রোনালদোর বিদায়টা হতে পারত ‘বড় দরজা দিয়ে’; কিন্তু পরিস্থিতি তাকে যেন ‘পেছনের দরজা’ দিয়ে বেরিয়ে যেতে বাধ্য করেছে।

এ নিয়ে নিজের কষ্টের কথা জানিয়ে রোনালদোর মা বলেন, বিষয়টি তাকে এতটাই নাড়া দিয়েছে যে তিনি কেঁদেও ফেলেছেন। তার মতে, কান্নার মধ্য দিয়ে মনের ভার কিছুটা কমে আসে। এখন তাদের এই কঠিন সময় পার করতে হবে।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন রোনালদো। তখন মাকে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, সবাই একসঙ্গে হলে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরবেন। মারিয়া দোলোরেস বলেন, ছেলেকে তিনি শান্ত থাকতে এবং পরিস্থিতি নিজের অনুকূলে ফিরিয়ে আনার চেষ্টা করতে বলেছিলেন।

তবে মায়ের পরামর্শ সত্ত্বেও রোনালদো নিজের সিদ্ধান্তে অটল ছিলেন বলে জানান তিনি। এ পরিস্থিতিতেও ছেলের পাশে থাকার কথা জানিয়েছেন মারিয়া। তার মতে, রোনালদো পর্তুগালের ফুটবলে যে অবদান রেখেছেন, তা মানুষ সহজে ভুলবে না।

রোনালদোর মা আরও বলেন, ছেলের প্রতি তার সমর্থন সব সময় থাকবে। পর্তুগালের হয়ে রোনালদোর দীর্ঘদিনের সাফল্য ও অবদানের কারণে তিনি দেশটির মানুষের হৃদয়ে বিশেষ জায়গা ধরে রাখবেন বলেও বিশ্বাস করেন মারিয়া দোলোরেস।