...|...|...

খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৬
Shares
শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের দাপুটে জয়

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। লাহিরু উদারার দুর্দান্ত ৯১ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়লেও সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই নাসিম শাহর বলে অধিনায়ক কুশল মেন্ডিসকে হারায় দলটি। পরে মোহাম্মদ ইমরানের বলে কামিল মিশারাও ফিরলে চাপে পড়ে সফরকারীরা। ১৩ বলে ৬ রান করেন মিশারা।

এরপর কামিন্দু মেন্ডিসকে সাথে নিয়ে দলের হাল ধরেন লাহিরু উদারা। পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার চেষ্টা করেন দুজন। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তবে ১৮ বলে ২৩ রান করে সাইম আইয়ুবের বলে আউট হন কামিন্দু। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাহান আরাচ্চিগেও।

দাসুন শানাকাকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ চালান উদারা। মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শানাকার সাথে তার জুটিতে ৩৭ বলে আসে ৬০ রান। তবে শানাকা আউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংসে আর বড় কোনো জুটি গড়ে ওঠেনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান তোলে শ্রীলঙ্কা। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯১ রান করে অপরাজিত থাকেন উদারা। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহাম্মদ ইমরানের শিকার ২ উইকেট।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। অধিনায়ক সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে স্বাগতিকেরা। দুশমন্থ চামিরার করা ইনিংসের পঞ্চম ওভারে আসে ১৬ রান। তবে পরের ওভারে ঈশান মালিঙ্গার বলে বিদায় নেন ফখর। ১৩ বলে ৪টি চারে ২১ রান করেন তিনি।

একই ওভারে ব্যাটিং ঝড় শুরু করেন মাজ সাদাকাত। দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার বোলারদের ওপর চাপ বাড়ান তিনি। প্রথম ৬ ওভারেই ৭০ রান তুলে নেয় পাকিস্তান। এরপরও ফারহান ও সাদাকাতের আক্রমণাত্মক ব্যাটিং থামেনি। মাত্র ৯.২ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে পাকিস্তান। ৩৩ বলে ফিফটি তুলে নেন অধিনায়ক ফারহান।

অন্য প্রান্তে সাদাকাতও মাত্র ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন। দুজনের ব্যাটে জয়ের পথ সহজ হয়ে আসে পাকিস্তানের। ইনিংসের ১৪তম ওভারে একটি চার ও দুটি ছক্কা মারেন ফারহান। একই ওভারে সাদাকাতকে ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙেন মহীশ থিকশানা।

পরের ওভারে হাসান নওয়াজকে আউট করে টি-টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন দুশমন্থ চামিরা। পরে সাইম আইয়ুবকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট নেন থিকশানা। ৫ বলে ৮ রান করেন সাইম।

তবে ততক্ষণে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান। খাজা নাফেকে সাথে নিয়ে ২৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন ফারহান। শেষ পর্যন্ত ৫৩ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন পাকিস্তান অধিনায়ক। ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।