বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সঠিক পরিকল্পনা না করলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়বে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, যদি ঠিকমতো পরিকল্পনা না করি, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে দাঁড়াবে একদিন।’
তিনি বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ডাম্পট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন বিদ্যুৎমন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন।
ট্রাকে ওঠার বিষয়ে মন্ত্রী বলেন, অনেকে এ নিয়ে সমালোচনা করবেন, তা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ছোটবেলায় রাস্তা পরিষ্কারের গাড়ি দেখে তাঁর যে ভালো লাগা তৈরি হয়েছিল, সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।
এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


