...|...|...

সারাদেশ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৬
Shares
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন

আমিনুর রহমান চৌধুরী : ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি বাড়িটির সামনে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক।

আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাবেক চেয়ারম্যানও।

আমিনুর রহমান চৌধুরী জানান, ভোরে দুর্বৃত্তরা বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুকুরপাড়ে থাকা মুরগির খামারের কর্মীরা আগুন দেখে আতঙ্কিত হয়ে ছুটে পালান। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।