...|...|...

সারাদেশ

‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৪
Shares
‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চত্বরে স্থাপিত স্টিলের স্মৃতিফলকটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন নেতা।

রবিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার পর দুর্বৃত্তরা সাগর চত্বরে আগুন দেয় বলে জানা গেছে। এ ঘটনার পর সোমবার (৯ নভেম্বর) ভোর থেকে পোড়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশনে বসেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এএসআই শেখ হাবিবুর রহমান সোমবার সকালে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়ে চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

অনশনকারীদের দাবি সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পালিয়ে যাননি এবং প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে এখনো ময়মনসিংহে অবস্থান করছেন তাদের কেউ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। তাঁর ভাষ্য এ ধরনের ঘটনা জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে।

উল্লেখ্য ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে আন্দোলনকারীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘটনাস্থলটির নাম দেন সাগর চত্বর। সেখানে তার ছবি সংবলিত একটি স্টিলের স্মৃতিফলকও স্থাপন করা হয়।