গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ তুলে সংশ্লিষ্টদের উদ্দেশে নানা প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
ভিডিও বার্তায় পরীমনি বলেন, একজন মানুষকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য তাকে কীভাবে চাপ দেওয়া হবে, সেটিই বড় প্রশ্ন। ভুলের জন্য কেউ ক্ষমা চাইতে পারেন, কিন্তু তার গলা চেপে ধরে কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে ক্ষমা চাওয়ানো যায় না।
নিজের ভুল স্বীকার করে পরীমনি বলেন, তিনি গালিগালাজ করেছেন, যা ভুল হয়েছে। এ জন্য ক্ষমা চাইতেও রাজি আছেন। তবে একজন নারী হিসেবে তাকে বিভিন্নভাবে অপদস্থ করা হলেও সে বিষয়ে কথা বলতে দেওয়া হবে না-এমন মানসিকতার সমালোচনা করেন তিনি।
পরীমনির অভিযোগ, তাকে অপদস্থ করার পাশাপাশি তার কাজেও বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাকে কোনো কাজে যুক্ত করা না হয়। এ ছাড়া তাকে বয়কটের প্রচারণা চালিয়ে একধরনের মব তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন অভিনেত্রী।
তিনি বলেন, বয়কটের প্রচারণায় কাজ না হওয়ায় এখন সরাসরি বিভিন্ন স্থানে গিয়ে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। পরীমনি যেখানে যাবেন, সেখানেই এ ধরনের পরিস্থিতি তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তার।
ভিডিও বার্তার শেষাংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এমন কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন পরীমনি। তার প্রশ্ন, হাতে মোবাইল ফোন, একটি পেজ ও নিবন্ধন থাকলেই কি কেউ সাংবাদিক হয়ে যান? সাংবাদিকতার পরিচয় দিয়ে যা ইচ্ছা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডকে সাংবাদিকতা নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন এই অভিনেত্রী। একই সাথে তার কাছ থেকে জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।


